যেকোনো তথ্য খোঁজার জন্য ইন্টারনেটে সার্চ ইঞ্জিন গুগল এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। কম সময়ে দ্রুত এবং সহজে কীভাবে তথ্য খুঁজে নেওয়া যায় সে বিষয়ে গুগলের আছে কিছু নিয়ম। সেটি মেনে তথ্য খুঁজলে কাজটা সহজ হয়।
সঠিক তথ্য খুঁজে নিতে: একদম সঠিক শব্দ ব্যবহার করে কিছু খুঁজে নিতে চাইলে সেই শব্দের শুরু এবং শেষে ঊর্ধ্বকমা বা ডবল কোটেশান (“ ”) যোগ করে সার্চ করুন। যেমন: “bangladesh is a riverine country” লিখে তথ্য খুঁজলে এ-সংক্রান্ত সবকিছু চলে আসবে।
যেটি দরকার শুধু সেটিই: যখন একই শব্দ দুটি আলাদা নামে ব্যবহৃত হয় তখন যেটি দরকার শুধু সেটিই খুঁজে নিতে যে শব্দের দরকার নেই তার আগে হাইফেন (-) চিহ্ন যোগ করে নিলে যেটি দরকার সেটিই পাওয়া যাবে। যেমন; jaguar speed -car লিখে সার্চ করলে হাইফেন যোগ করা -car শব্দটি গুগল গ্রহণ না করে জাগুয়ার প্রাণীর তথ্য দেখাবে।
নির্দিষ্ট সাইটের তথ্য: নির্দিষ্ট কোনো সাইট থেকে তথ্য খুঁজে নিতে site: সংকেত লিখতে হবে। যেমন: ‘হেল্পলাইন site:prothom-alo.com’ লিখে খুঁজলে প্রথম আলোর ওয়েবসাইট থেকে হেল্পলাইন-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
সংশ্লিষ্ট যেকোনো তথ্য: কাঙ্ক্ষিত শব্দ ওয়েবের কোন কোন সংযোগে আছে সেটি খুঁজে নিতে related: সংকেত ব্যবহার করুন। যেমন, related:prothom-alo লিখে সার্চ করলে ওয়েবে প্রথম আলো সংশ্লিষ্ট তথ্য কোন কোন সাইটে আছে, তা জানা যাবে। (আগামীকাল সমাপ্য)
—মো. রাকিবুল হাসান