উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিজস্ব সফটওয়্যার ইজি ট্রান্সফার দিয়ে ব্যবহারকারীর অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য, ফাইল, ফোল্ডার, ছবি, গান, ভিডিও, ই-মেইল, কন্টাক্টস, ইন্টারনেট ফেভারিটসহ আরও অনেক কিছু এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে স্থানান্তর করা যায়। নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল কিংবা কম্পিউটার পরিবর্তন করলে ব্যবহারকারীর এসব তথ্য সংরক্ষণ অথবা স্থানান্তরের ক্ষেত্রে এই সুবিধাটি বেশ উপকারী।
এ জন্য প্রথমে আগের কম্পিউটারটিতে লগ-ইন করে সার্চ বক্সে Windows Easy Transfer লিখে এন্টার করুন অথবা Windows Key + R চেপে রানে গিয়ে লিখুন migwiz এবং এন্টার করুন। উইন্ডোজ ইজি ট্রান্সফার উইন্ডো এলে নেক্সট চাপুন। তথ্য স্থানান্তরে তিন ধরনের মাধ্যম দেখা যাবে। এখান থেকে An external hard disk or USB flash drive নির্বাচন করুন। এরপর This is my old computer নির্বাচন করলে কম্পিউটারের সব ব্যবহারকারীর অ্যাকাউন্ট এবং পাবলিক প্রোফাইলে শেয়ার করা ডকুমেন্ট স্ক্যান করা শুরু হবে। পাশাপাশি এসব ডকুমেন্ট মোট কতটুকু জায়গা দখল করে আছে তা দেখা যাবে। আকার বড় মনে হলে কাস্টমাইজ অপশনে ক্লিক করে অপ্রয়োজনীয় আইটেমগুলো থেকে টিক উঠিয়ে দিতে পারেন। আর শুধু ব্যবহারকারীর তথ্য স্থানান্তর করতে চাইলে Shared Items অপশন থেকে টিক চিহ্ন তুলে দিতে হবে। নেক্সট চেপে পরের ধাপে গেলে নিরাপত্তার জন্য চাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। সেভ বাটন চেপে এক্সটার্নাল হার্ডডিস্ক বা পেনড্রাইভটি দেখিয়ে দিলে সেখানে তা জমা হবে। সবশেষে নতুন কম্পিউটারটি চালু করে পেনড্রাইভ বা এক্সটার্নাল হার্ডডিস্কটি প্রবেশ করান। আগের মতো উইন্ডোজ ইজি ট্রান্সফার প্রোগ্রামটি চালু করে This is my new computer নির্বাচন করুন। ইয়েস অপশন চেপে ড্রাইভে রাখা Windows Easy Transfer - Items from old computer ফাইলটি দেখিয়ে দিন। আগে পাসওয়ার্ড দেওয়া থাকলে সেটি দিয়ে ট্রান্সফার বাটন চাপলে ব্যবহারকারীর সব তথ্য নতুন কম্পিউটারে চলে আসবে। —মঈন চৌধুরী