ইন্টারনেটে সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়া পরিচালিত হয় উইকিমিডিয়া ফাউন্ডেশনের মাধ্যমে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের তহবিল কীভাবে সব ধরনের উইকিমিডিয়া কার্যক্রমে বণ্টন হবে, সে ব্যাপারে পরামর্শের জন্য গঠিত হয় ফান্ড ডিসিমিনেশন কমিটি (এফডিসি)। আর এফডিসির সহসভাপতি (ভাইস চেয়ার) নির্বাচিত হয়েছেন উইকিমিডিয়া বাংলাদেশের কোষাধ্যক্ষ আলী হায়দার খান।বর্তমানে দেশের একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আলী হায়দার খান প্রথম বাংলাদেশি হিসেবে উইকিপিডিয়া-সংক্রান্ত এ ধরনের আন্তর্জাতিক কার্যক্রমে ভাইস চেয়ার পদে নির্বাচিত হলেন। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এফডিসির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আলী হায়দার খান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘এটি একটি বড় দায়িত্ব। আশা করছি, ভালোভাবে করতে পারব।’ তিনি আরও বলেন, ‘এবার ভাইস চেয়ার হওয়ার পর নিয়ম অনুযায়ী আমাকে পরের বছর সভাপতি বা চেয়ার হতে হবে। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।’ এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলা উইকির জন্য কাজ করে যাবেন বলে জানান তিনি।চলতি বছর উইকিমিডিয়া পরিচালনা পর্ষদের সম্মেলনে উইকিমিডিয়া ফাউন্ডেশনের তহবিল সঠিকভাবে উইকিমিডিয়ার বিভিন্ন কার্যক্রমে বণ্টনের জন্য একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুলাই মাসে এফডিসি গঠিত হয় এবং এর কমিটির সদস্য আহ্বান করা হয়। চূড়ান্তভাবে নির্বাচিত বাকি সদস্যরা নির্বাচিত হয়েছেন পোল্যান্ড, সুইডেন, ইউক্রেন, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। চলতি বছর উইকিমিডিয়া ১১টি চ্যাপ্টারকে সব মিলিয়ে প্রায় ৮৪ লাখ ডলার অনুমোদনের প্রস্তাবনা দিয়েছে। এ প্রস্তাবনার আনুষ্ঠানিকতার জন্য গত ২৭-৩১ অক্টোবর সান ফ্রান্সিসকোতে এফডিসির একটি সভা হয়েছে যেখানেই আনুষ্ঠানিকভাবে ভাইস চেয়ার হিসেবে নির্বাচিত হন আলী হায়দার খান। বিস্তারিত: (https://meta.wikimedia.org/wiki/FDC_portal/FDC_member)। —নুরুন্নবী চৌধুরী