সহিংসতা থেকে শিশুদের সুরক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষায় জোর দাবি জানিয়েছে দেশের ১৫টি বেসরকারি সংগঠন। গত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠানগুলো এ দাবি জানায়।
রাজনৈতিক সহিংসতায় শিশুদের আহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রাজনৈতিক মিছিল, সমাবেশ, হরতালসহ কর্মসূচিতে শিশুদের ব্যবহার লক্ষণীয়ভাবে বেড়েছে। রহিমা, সুমি, মনিরসহ গত ছয় মাসে সারা দেশে কমপক্ষে ১৮ জন শিশু রাজনৈতিক সহিংসতায় গুরুতরভাবে আহত হয়েছে।
এ ছাড়া জাতিসংঘ শিশু অধিকার সনদের অনুস্বাক্ষরকারী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধে সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সমাজের সব স্তরের সহযোগিতা চেয়েছে সংগঠনগুলো।
সংগঠনগুলো হলো মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, সেভ দ্য চিলড্রেন, সোনার বাংলা ফাউন্ডেশন, সলিডারিটি, চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যাসেম্বলি, উদ্দীপন, দৃষ্টি, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ভাফুসড, ঘাসফুল, সহায়, নবলোক পরিষদ, সীপ ও আভাস।