সহিংসতার ভিডিও নিয়ে ফেসবুকের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক
ফেসবুক

এখন ফেসবুকে লাইভ ভিডিওর যুগ। লাইভ ভিডিওর সুযোগে অনেক সহিংস ভিডিও বা কনটেন্ট সবার সামনে চলে আসছে। ফেসবুক সম্প্রতি লাইভ ভিডিও সম্প্রচার নিয়ে তাদের অবস্থানের বিষয়টি ব্যাখ্যা দিয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, যত সহিংস বা বিরক্তিকর ভিডিও, গ্রাফিকস হোক না কেন, তারা তা সরাবে না। তবে ভিডিওটি যদি সহিংসতাকে উসকে দেয়, তাহলে ব্যবহারকারীর অভিযোগের ভিত্তিতে সেটি ফেসবুক সরিয়ে দেবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ভিডিও সরিয়ে ফেলায় সমালোচনার মুখে ফেসবুক কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। ওই ভিডিও কৃষ্ণাঙ্গ ফিল্যান্ডো ক্যাস্টিলকে নিয়ে। পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনাটি ফেসবুকে লাইভ সম্প্রচার করেন ক্যাস্টিলের বান্ধবী ডায়মন্ড রেনল্ডস। ১০ লাখের বেশি ভিউ হওয়ার পর ফেসবুক থেকে ওই ভিডিও সরিয়ে ফেলা হয়।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। তবে বিষয়টির বিশদ ব্যাখ্যা দেয়নি তারা। প্রায় এক ঘণ্টা পরে ‘ডিস্টার্বিং’ লেভেল লাগিয়ে আবার ভিডিওটি ফেসবুকে চলে আসে।

গতকাল শনিবার ফেসবুক কর্তৃপক্ষ তাদের লাইভ ভিডিও সম্প্রচার-বিষয়ক সেন্সরশিপ নীতিমালা ব্যাখ্যা করে। কিন্তু ফেসবুক যে ব্যাখ্যা দেয়, তা ওই ভিডিও সরিয়ে ফেলার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

ফেসবুকের কমিউনিটির শর্ত অনুযায়ী, ফেসবুকে পর্নোগ্রাফি, সহিংসতা ও ঘৃণাবাচক কথা প্রকাশ নিষিদ্ধ। এই বিষয় লাইভ ভিডিও, ছবি ও অন্যান্য ভিডিওর ক্ষেত্রেও প্রযোজ্য।

ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, সহিংসতাকে উসকে দেওয়া হলে গ্রাফিকস কনটেন্ট সরিয়ে ফেলা হবে। তবে যদি সহিংসতার বিষয়টি জানানো বা দুঃখ প্রকাশের জন্য কনটেন্ট শেয়ার করা হয়, সে ক্ষেত্রে ফেসবুকের নীতিমালা ভঙ্গ হবে না।

ব্যবহারকারীরা চাইলে লাইভ ভিডিওর ক্ষেত্রেও সহিংসতার অভিযোগের বিষয়টি ফেসবুককে জানাতে পারবেন। ফেসবুকের কমিউনিটি টিম ২৪ ঘণ্টা কাজ করে। কোনো ঘটনায় যদি একটিও অভিযোগ তুলে ফেসবুককে জানানো যায়, ফেসবুকের ওই টিম তা পর্যবেক্ষণ করে কনটেন্ট সরানোর বিষয়টি বিবেচনা করে। তথ্যসূত্র: আইএএনএস।