সা মা জি ক বি জ্ঞা ন
সৃজনশীল প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো একটি সৃজনশীল প্রশ্নোত্তর।
# মজিদ একজন জনপ্রিয় নেতা। সবাই তাঁকে ধর্মভীরু দেশদরদি দূরদৃষ্টিসম্পন্ন লোক বলে চেনে। তিনি এলাকার উন্নয়নে বিশেষ করে মুসলমানের কষ্ট লাঘবে বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ নেন।
ক. মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
খ. বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ লেখো।
গ. মজিদের কর্মকাণ্ডের সঙ্গে তোমার পাঠ্যপুস্তকের কোন মনীষীর কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. মুসলমানের জন্য নওয়াব আবদুল লতিফের অবদানের সঙ্গে সৈয়দ আহমদ খান কাজের তুলনামূলক আলোচনা করো।
উত্তর: ক. ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনের উদ্বোধনী ভাষণের পর নওয়াব সলিমুল্লাহ ‘নিখিল ভারত মুসলিম লীগ’ নামে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং ওই দিনই ‘নিখিল ভারত মুসলিম লীগ’ গঠিত হয়।
উত্তর: খ. ১৮৫৪ সালে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ছোট নাগপুর নিয়ে গঠিত হয়েছিল বাংলা প্রেসিডেন্সি। একজন গভর্নরের পক্ষে এত বড় প্রদেশ শাসন করা সত্যিই দুরূহ ব্যাপার ছিল। তাই প্রশাসনিক সুবিধা ও দক্ষতা বৃদ্ধির জন্য লর্ড কার্জন ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর ‘উত্তর ও পূর্ব বাংলা’কে আসামের সঙ্গে যুক্ত করে ‘পূর্ববঙ্গ ও আসাম’ নামে নতুন প্রদেশ গঠন করেন যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
উত্তর: গ. মজিদের কর্মকাণ্ডের সঙ্গে পাঠ্যপুস্তকের মনীষী স্যার সৈয়দ আহমদ খানের কর্মকাণ্ডের মিল রয়েছে। স্যার সৈয়দ আহমদ খান অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ধার্মিক, জনদরদি ও দেশপ্রেমিক। তিনি সরকারের অধীনে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৮৫৭ সালে সরকারের প্রতি আনুগত্যের জন্য তিনি পুরস্কৃত হন।
ঊনবিংশ শতাব্দীতে ইংরেজদের দমন ও নির্যাতনে মুসলমান জাতি যখন চরমভাবে নিষ্পেষিত, তখন তিনি তাদের অবস্থান উন্নয়নের জন্য সরকারি পদে থেকেও বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ নেন। তিনি উপলব্ধি করেন, মুসলমানের পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি ঘৃণা ও উদাসীনতা তাদের দুঃখ-দৈন্যের কারণ। পাশ্চাত্য জ্ঞান ছাড়া তাদের পক্ষে রাজনৈতিক অধিকার লাভ করাও সম্ভব নয়। তাই তিনি পাশ্চাত্য-শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারা প্রসারের উদ্দেশ্যে আলীগড়ে প্রতিষ্ঠা করেন ‘মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল’। এটি পরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। ফলে মুসলমান পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে এবং তাদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রগতিশীল ভাবধারা তৈরি হয়।
উত্তর: ঘ. ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের পরবর্তী সময়ে মুসলমানের প্রতি ইংরেজদের বিদ্বেষপরায়ণ মনোভাব ও নীতি এবং ইংরেজি শিক্ষার প্রতি অনীহার কারণে মুসলিম সমাজ চরম দুরবস্থায় পড়ে। এরূপ পরিস্থিতিতে নওয়াব আবদুল লতিফ অনুধাবন করেন, বাংলার মুসলমান যদি আধুনিক জ্ঞান-বিজ্ঞান আহরণে পিছিয়ে পড়ে এবং ইংরেজ সরকারকে সহযোগিতা না করে, তবে তারা কোনো দিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় ইংরেজি ও ফারসি বিভাগ খোলেন। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে মাদ্রাসা স্থাপন করে ধর্মীয় ও আধুনিক শিক্ষা প্রবর্তন করেন। হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তর করে সব ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার নিশ্চিত করেন। মুহসীন ট্রাস্ট পুনর্গঠন করে দরিদ্র মেধাবী মুসলমানকে শিক্ষায় সহায়তা করেন। মুসলমানের সামাজিক, ধর্মীয় সমস্যার সমাধান ও পাশ্চাত্য ভাবধারার সঙ্গে তাদের সমন্বয় সাধনের জন্য ‘মোহামেডান লিটারারি সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। তাঁর প্রচেষ্টায় ইংরেজ-বিদ্বেষ লাঘব হয় এবং মুসলিম জাগরণ সৃষ্টি হয়।
ঊনবিংশ শতাদ্বীতে সৈয়দ আহমদ খান ভারতীয় মুসলমানের ত্রাণকর্তা ছিলেন। তিনি আলিগড়ে কেমব্রিজ ও অক্সফোর্ডের অনুকরণে ‘মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টলি স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটি পরে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় এবং পাশ্চাত্য শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ ছাড়া আলীগড় আন্দোলনের মাধ্যমে মুসলমানের মধ্যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রগতিমূলক ভাবধারা গড়ে তোলা হয় এবং ইংরেজদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
এভাবে নওয়াব আবদুল লতিফ বাংলার মুসলমানের এবং সৈয়দ আহমদ খান ভারতীয় মুসলমানের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ