সাঁওতালি ভাষার ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে সাঁওতালি ভাষার একটি ওয়েবসাইট (www.naoamarsal.net) চালু হয়েছে। একই সঙ্গে রাজশাহীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সমর মাইকেল সরেন ও ফিরোজ আহমেদের তৈরি করা সাঁওতালি ভাষার টাইপিং সফটওয়্যার ‘হড় কাথা’ ছাড়া হয়েছে। গতকাল শনিবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান এসবের উদ্বোধন করেন। সমর মাইকেল সরেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউআইটিএসের সমন্বয়ক আরমান আলী, রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর কামরুজ্জামান, বাংলাদেশ বেতারের (ঢাকা) প্রযোজক মাইকেল মৃত্যুঞ্জয় রেমা, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এম মনসুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।হড় কাথা সম্পর্কে এর দুই নির্মাতা জানান, ইউনিকোড-ভিত্তিক এ সফটওয়্যারটি যেকোনো প্রোগ্রামের সঙ্গে ব্যবহার করা যায়। তাঁরা বলেন, এটি দিয়ে মাইক্রোসফট অফিসের সব প্রোগ্রামে সাঁওতালি ভাষায় লেখালেখি করা যাবে। এমনকি এটি দিয়ে ইন্টারনেটেও লেখালেখি করা সম্ভব। সাঁওতালি টাইপিং সফটওয়্যারটি তৈরিতে সি শার্প ও জাভা ব্যবহার করা হয়েছে। ইন্টারনেটে লেখালেখির জন্য একটি মাউসভিত্তিক কিবোর্ডও নির্মাণ করা হয়েছে, যা বর্তমানে আদিবাসী বাংলা ব্লগসাইটে (www.w4study.com) সংযুক্ত রয়েছে। এ সফটওয়্যার এবং ওয়েবসাইটটি তৈরি করতে তাঁদের প্রায় সাত মাস লেগেছে বলে উল্লেখ করা হয়। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়