সাঁতার জরুরি, পাশাপাশি সচেতনতাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট মার্টিনে সহপাঠী-বন্ধুদের হারানোর শোক তাঁদের শক্তি জুগিয়েছে। তাঁদের চাওয়া নিরাপদ পর্যটনকেন্দ্র। যাতে আর কোনো পরিবারে এমন শোক নেমে না আসে। ছবি: সাবিনা ইয়াসমিন
সেন্ট মার্টিনে সহপাঠী-বন্ধুদের হারানোর শোক তাঁদের শক্তি জুগিয়েছে। তাঁদের চাওয়া নিরাপদ পর্যটনকেন্দ্র। যাতে আর কোনো পরিবারে এমন শোক নেমে না আসে। ছবি: সাবিনা ইয়াসমিন

এবারের বাংলা নববর্ষের প্রথম দিনে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুইজন এখনো নিখোঁজ। তাঁরা সাঁতার জানতেন না। আবার যাঁরা জানতেন, তাঁরা সাঁতার না-জানাদের বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করেন। উদ্ধারকাজে যথাযথ প্রশিক্ষণ না থাকলে পানিতে ডুবে যাচ্ছে এ রকম একজন মানুষকে বাঁচাতে গেলে বিপদ বাড়বে বৈ কমবে না। কারণ, যখন একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে, তখন সে চেষ্টা করে বাঁচতে। হাতের কাছে যা পায় তা-ই সে আঁকড়ে ধরে। ফলে যে তাকে উদ্ধার করতে যায়, ডুবন্ত ব্যক্তি বাঁচার জন্য তাকে জাপটে ধরে এবং সেখানে দুজনেরই মৃত্যু হতে পারে।
যারা সাঁতার জানে না তাদের পানিতে নামা উচিত নয়। বিশেষ করে সমুদ্রে। একজন সাঁতার না-জানা মানুষ পানিতে ভাসতে পারে না, এ জন্য তারা হাঁটুপানিতে পরেও মারা যেতে পারে। বাংলাদেশে এ রকম ঘটনা অনেক আছে। আবার সাঁতার জেনেও সৈকতের কাছাকাছি পানির নিচে খাড়া পাড় বা গুপ্তখাল থাকলে বিপদে পড়তে পারে যে কেউ। ভাটার সময় পানিতে নামাটাও বিপজ্জনক।
সেন্ট মার্টিনে কমবেশি সব জায়গায় প্রবাল বা পাথর থাকায় এ দ্বীপের কোনো সৈকতের পানিতে নামাই ঝুঁকিমুক্ত নয়। তবে জেটির সামান্য দক্ষিণ দিক থেকে শুরু করে উত্তর-পূর্ব দিক পর্যন্ত প্রবাল না থাকলেও পানির নিচে খাড়া পাড় আছে যা ওপর থেকে দেখা যায় না। আর এখানে পানির গভীরতা অনেক বেশি। বিশেষ করে উত্তর-পূর্ব সৈকতটি। যেখানে এবারের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
যাদের এই জায়গাটি সম্পর্কে জানা নেই তারা মনে করে সাগরের সৈকত তো ঢালুই হয়ে থাকে, ফলে সেই বিপদ বুঝতে পারে না। কিন্তু নামার সঙ্গে সঙ্গেই গভীর পানিতে তলিয়ে যায়। সেখানে জোয়ারের সময় একদিকে স্রোত থাকে এবং ভাটার সময় স্রোত থাকে আরেক দিকে। বেশ কয়েক বছর আগেই এ জায়গাটিকে প্রয়াত অভিযাত্রী কাজী হামিদুল হক ‘রেড জোন’ বলে চিহ্নিত করেছিলেন।

যা করণীয়
 ‘রেড জোন’ বা ‘বিপজ্জনক’ চিহ্নিত করে বড় করে সেন্ট মার্টিনের ওই জায়গাটিতে সাইনবোর্ড দিয়ে দিতে হবে। সাইনবোর্ডে স্পষ্ট করে লিখে দিতে হবে এই স্থানে পানিতে নামা বিপজ্জনক।
 সারা বছর, নিদেনপক্ষে ‘পর্যটন মৌসুমে’ অর্থাৎ বছরের সাত-আট মাস সেন্ট মার্টিনে দুই-তিনজন লাইফ গার্ডের পালাক্রমে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
 সেখানে সব সময়ের জন্য কিছু উদ্ধার ও জীবন বাঁচানোর সরঞ্জাম (লাইফ সেভিং ইক্যুইপমেন্ট) রাখতে হবে। যেমন বাতাসভর্তি টিউব।
 আমাদের দেশের বাস্তবতায় সব সময় সব সৈকতে বিপজ্জনক জায়গা চিহ্নিত করার কিছু যেমন সাইনবোর্ড, লাল পতাকা থাকে না। এ ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় অধিবাসীদের কাছ থেকে জোয়ার-ভাটার সময় এবং কোন এলাকা নিরাপদ বা বিপজ্জনক তা জেনে নিয়ে তবেই পানিতে নামা উচিত।
এসব সতর্কতা ও নিরাপত্তার ব্যবস্থা সব সৈকতেই নিশ্চিত করতে হবে। এ ছাড়া বলতে চাই পানিতে ডুবে মরে যাওয়ার একমাত্র কারণ পানিতে ভাসতে না-পারা। সেন্ট মার্টিনের মতো ওই রকম মরণফাঁদ সমুদ্রসৈকতের হাজারো জায়গায় রয়েছে। সবগুলো পাহারা দেওয়া সম্ভব নয়। ফলে সাঁতার জানা ও সচেতন হওয়াটাই জরুরি।
তবে সাঁতার শেখার বিকল্প আর কিছু হতে পারে না। একজন বাচ্চাকে প্রথম শ্রেণীতে ভর্তি করার আগেই সাঁতার শেখানো উচিত বলে আমি মনে করি। আর তা স্কুলগুলোতে বাধ্যতামূলক করা উচিত। বর্তমান সময়ে আমাদের দেশের মানুষের সাঁতার না-শেখার পেছনে অনেক কারণ রয়েছে। যেমন পর্যাপ্ত সুইমিংপুল নেই। দু-একটা থাকলেও সবার জন্য সহজলভ্য নয়। কম খরচায় সুইমিংপুল তৈরি করতে হবে, যেখানে মাসিক বা বার্ষিক ভিত্তিতে ভর্তি না হয়ে যে কেউ নামমাত্র একটা ফি (যেমন ৫০ টাকা) দিয়ে যেকোনো সময় দিনে বা রাতে এক ঘণ্টা সাঁতার কাটতে পারে। সরকারিভাবে এসব পুলের ব্যবস্থা করতে হবে। বড় অ্যাপার্টমেন্টগুলোতে বাধ্যতামূলকভাবে পুলের ব্যবস্থা রাখতে হবে বেসরকারিভাবে।
শহরের পুরোনো পুকুরগুলো বন্ধ করা হয়েছে বা হচ্ছে। যেগুলো আছে, দু-একটা ছাড়া বাকিগুলো পানিতে নামার উপযোগী নয়। আবার গ্রামগঞ্জে পুকুর, ডোবা-নালায় মাছ চাষের জন্য রাসায়নিক সার এবং হাঁস-মুরগির খামারের বর্জ্য ব্যবহার করায় সেগুলোও পানিতে নামার উপযোগী নয়। যত সমস্যাই থাকুক না কেন, অভিভাবকদের নিজ দায়িত্বে তাঁদের সন্তানদের সাঁতার শেখাতে হবে।
লেখক: সাঁতারু। টানা নয় বছর সাঁতরে বাংলা চ্যানেল অতিক্রম করেছেন।