জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) অর্থায়নে ২০০৯ সাল থেকে শিশুদের ভ্রাম্যমাণ সুইমিং পুলে সাঁতার শেখানো হচ্ছে। বিশেষত, পিছিয়ে পড়া পরিবারের শিশুরা এ সুবিধা পাচ্ছে। বর্তমানে ঢাকার মিরপুর ১১ নম্বরে বাউনিয়া বাঁধ বস্তি এলাকায়, মহাখালী ডিওএইচএসে ও আগারগাঁওয়ের তালতলা বস্তির পাশে লায়ন্স অগ্রগতি শিক্ষানিকেতনে তিনটি ভ্রাম্যমাণ সুইমিং পুলে শিশুদের বিনা মূল্যে সাঁতার শেখানো হচ্ছে।ইউনিসেফের শিশু সুরক্ষা বিভাগের প্রকল্প কর্মকর্তা সৈয়দ ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে জানান, ভ্রাম্যমাণ পুলে সাঁতার শেখানোর জন্য আলাদা লোকবল আছে। প্রয়োজনে এগুলোকে বিভিন্ন স্থানে নিয়ে সাঁতার শেখানো হয়। এসব ভ্রাম্যমাণ পুলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রতিবছর গড়ে তিন হাজার শিশুকে সাঁতার শেখানো হয়েছে। এ ছাড়া চলতি মাসে সাভারের আমিনবাজারে আরেকটি নতুন ভ্রাম্যমাণ সুইমিং পুল স্থাপন করে সেখানে শিশুদের সাঁতার কাটার সুযোগ করে দেওয়া হচ্ছে।কথা হয় লায়ন্স অগ্রগতি শিক্ষানিকেতনে অবস্থিত ভ্রাম্যমাণ পুলের প্রশিক্ষক কাজল রেখার সঙ্গে। তিনি জানান, সাঁতার শেখার প্রতিটি কোর্সের মেয়াদ ১৫ দিন। বেশির ভাগ শিশু এ সময়ের মধ্যেই সাঁতার শিখতে পারে। তবে শারীরিকভাবে দুর্বল ও ভিতু শিশুদের বেশি সময় লাগে। শহরের তুলনায় গ্রামের শিশুরা সাঁতার দ্রুত শিখতে পারে।এ প্রকল্পের তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম জানান, যেসব শিশু পানিতে সোজা ২৫ মিটার সাঁতার কাটতে পারে এবং ৯০ সেকেন্ড বা দেড় মিনিট পানিতে ভেসে থাকতে পারে, সেসব শিশু সাঁতার শেখা কোর্সে উত্তীর্ণ বলে ধরা হয়। এতে সাঁতারে এদের গ্র্যাজুয়েশনও হয়ে যায়। এখানে প্রতিটি ব্যাচে ৪০ মিনিট করে সাঁতার শেখানো হয়। এ সময় প্রশিক্ষক সাঁতার কাটা, ডুব দেওয়া, পানিতে ভেসে থাকা ইত্যাদি কৌশল শেখান। প্রশিক্ষণের সময় সপ্তাহের ছয় দিন দুই ঘণ্টা করে। এ সময় একজন প্রশিক্ষক পাঁচটি শিশুকে একত্রে ৪০ মিনিট করে সাঁতার শেখান। প্রশিক্ষণে সাঁতার শেখার একটি কারিকুলাম আছে, যা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি), রয়্যাল লাইফ সেভিং সোসাইটি অস্ট্রেলিয়া (আরএলএসএসএ) ও বাংলাদেশ সুইমিং ফেডারেশন যৌথভাবে নির্ধারণ করেছে। এখানে পানিতে ডোবা শিশুদের উদ্ধারের কৌশল ও উদ্ধারকৃত শিশুকে প্রাথমিক চিকিৎসাসহ মোট ২১ ধরনের কৌশল শেখানো হয়। পাশাপাশি বিভিন্ন দুর্ঘটনা, যেমন আগুনে পুড়ে গেলে বা কেটে গেলে কী করতে হবে, এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তবে দুর্ঘটনায় উদ্ধারকৃত শিশু বা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসাসহ সিপিআর দেওয়ার নিয়মও শেখানো হয় প্রশিক্ষণার্থীদের।এ প্রকল্পে প্রশিক্ষণরত একটি শিশু বলে, ‘বন্যা হলে যাতে নিজের জীবন বাঁচাতে পারি, সে জন্যই সাঁতার শিখতে আসা।