সাংবাদিকদের জন্য সার্চ ইঞ্জিন গুগলের ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ক্রোমের বেশ কিছু সুবিধা পাওয়া যাচ্ছে। সম্প্রতি ক্রোমের এ ধরনের সুবিধাগুলোর (এক্সটেনশন) বিস্তারিত তুলে ধরা হয়। সেবাগুলোর প্রকাশিত তালিকা অনুযায়ী শীর্ষ ১৫-এর মধ্যে রয়েছে সোশ্যাল অ্যানালিটিকস, সিলভার বার্ড, হ্যাশপ্লাস, স্নিপলি, ওয়ার্ল্ড ডেটা ফাইন্ডার, পেজ মনিটর, পাঞ্চার, স্ক্রিনক্যাস্টিফাই, টিনআই, ফলো-আপ ডট সিসি, উইন্ডারলিস্ট, গ্রামারলি, ড্রাফটব্যাক এবং সেভ টু গুগল ড্রাইভ।
বিশেষ এ সুবিধাগুলোর মাধ্যমে সাংবাদিকদের কাজে লাগে এমন নানা বিষয় জানা যাবে। বিশেষ করে বর্তমানে সামাজিক যোগাযোগের সেবাগুলো ব্যবহার এবং এ ধরনের সেবাগুলোর তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পেতে এগুলো খুবই উপকারী। বিশেষ করে নির্দিষ্ট কোনো সংবাদ সহজে খুঁজে বের করা, সংবাদটি সামাজিক মাধ্যমে সহজে ছড়িয়ে দেওয়াসহ অনেকগুলো কাজ এ ধরনের সেবা ব্যবহার করে সহজেই করা সম্ভব হবে। বর্তমানে ছবি খোঁজা, সংবাদের সঙ্গে ছবি ব্যবহার করা থেকে শুরু করে ভিডিও শেয়ারের বিষয়গুলোও বেশ জনপ্রিয়। ছবি এবং ভিডিওর জন্যও রয়েছে নির্ধারিত কিছু সেবা।
এ সেবাগুলো নির্দিষ্টভাবে সাংবাদিকদের জন্য তৈরি হলেও চাইলে যে কেউ এসব সেবা ব্যবহার করে হালনাগাদ খবর কিংবা অন্যান্য সেবা পেতে পারেন। ব্রাউজারে থেকেই নির্দিষ্ট বিষয়গুলো সহজে জানতেই এ ধরনের সেবাগুলো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গুগল ক্রোম ডেভেলপাররা। —গুগল ক্রোম ও জার্নালিজম ডট কো ডট ইউকে অবলম্বনে কাজী আলম