সাংহাই মেলায় সুন্দরবনের পক্ষে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সাংহাইয়ের মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে গত সোমবার সুন্দরবন দিবস পালন করা হয়। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের আয়োজক নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বার্নার্ড ওয়েবার এদিন বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। তিনি প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়ায় এখন চূড়ান্ত পর্বের ভোটাভুটি চলছে। বাংলাদেশের সুন্দরবনসহ ২৮টি প্রাকৃতিক স্থান চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ১০০ কোটি ভোট সংগ্রহের জন্য এখন “নেচার’স ভেনিস” প্রচারণা শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে সাংহাইয়ের মেলায় প্রচারণা চালান বার্নার্ড ওয়েবার। নিউ সেভেন ওয়ান্ডার্সের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। সোমবার বাংলাদেশ প্যাভিলিয়নে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের জন্য ইন্টারনেটে ভোট সংগ্রহ করা হয়। এ জন্য সুন্দরবন দিবস নামে বিশেষ প্রচারণা চালানো হয়। প্যাভিলিয়নে এসে অনেকেই সুন্দরবনের পক্ষে ভোট দেন। সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার জন্য একটি উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (বিপণন) এম কেরামত আলী খান। এ সময় সাংসদ মুহাম্মদ নজরুল ইসলাম ও শহীদুল হক উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাংহাই মেলায় প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে চূড়ান্ত পর্বে উন্নীত দেশগুলোর প্যাভিলিয়নে ২২ জুলাই পর্যন্ত প্রচারণা চালানো হবে। ২৮টি স্থানের জন্যই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এ মেলায়। সুন্দরবনকে ভোট দেওয়া যাবে www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে।