সাইকেল চালাতে গুগল ম্যাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ইউরোপের ছয়টি শহরের জন্য গুগল ম্যাপস যুক্ত হয়েছে বাইসাইকেল চালানোর পথের নির্দেশনা! জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ এবং লিকটেনস্টাইনে গুগল ম্যাপসের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে সাইকেল জনপ্রিয় হয়ে ওঠায় গুগল ম্যাপের এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে সাইকেল নিয়েই মানচিত্র অনুযায়ী পছন্দের রাস্তা খুঁজে নেওয়া যাবে।গুগলের পক্ষ থেকে জানানো হয়, মূলত ব্যস্ত সড়ক এড়িয়ে সাইকেলচালকেরা যাতে সাইকেলের পথ ব্যবহার করেন সে জন্যই এমন উদ্যোগ। নতুন এই সেবায় জায়গার নাম বলেও দিক নির্দেশনা পাওয়া যাবে। এ ছাড়া সাইকেল নিয়ে যাঁরা অভিযান করতে চান, তাঁদের জন্যও রয়েছে বেশ কিছু সুবিধা। যেমন সাইকেলে ফ্রান্স ঘুরতে চাইলে অনুসরণ করা যাবে ‘ট্যুর ডি ফ্রান্স’ নামের বিশেষ রাস্তা; যার মাধ্যমে সহজেই সাইকেল চালিয়েই পুরো ফ্রান্স ঘোরা সম্ভব। প্রাথমিকভাবে চালু হওয়া এ পদ্ধতিতে থাকছে তথ্য যোগ করা ও সম্পাদনার সুযোগ। আগ্রহীরা চাইলে নিজেদের তথ্যও জানাতে পারবেন। যোগাযোগব্যবস্থা এবং পরিবেশের কথা ভেবে বিশ্বের বিভিন্ন দেশে চলাচলের জন্য বাইসাইকেল বেশ জনপ্রিয়। আর এ বিষয়টিকেই গুগল ম্যাপে যুক্ত করে সাইকেলপ্রেমীদের বিশেষ সহযোগিতায় এগিয়ে এল গুগল। এরই মধ্যে বেশ প্রশংসিতও হয়েছে উদ্যোগটি। —ম্যাশঅ্যাবল অবলম্বনে কাজী আলম