সাইকেলে মোবাইল ফোনের চার্জার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া সাইকেলের মাধ্যমে ব্যবহূত মোবাইল ফোনের চার্জার তৈরি করেছে। এতে সাইকেল চালানোর মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দেওয়া যাবে। শিগগিরই নকিয়া নতুন ধরনের এ চার্জারটি বাজারে ছাড়ছে। নকিয়া কর্তৃপক্ষ জানায়, যেকোনো সাইকেলের আরোহী ঘণ্টায় ছয় কিলোমিটার সাইকেল চালিয়ে নিজের মোবাইল ফোনসেট চার্জ করতে পারবেন। বিশেষ ভাবে তৈরি এ চার্জারটি মূলত যেসব দেশে সাইকেল ব্যবহারকারী আছেন, তাঁদের জন্য তৈরি। নকিয়ার সহসভাপতি অ্যালেক্স লামবিক বলেন, বর্তমান বিশ্বের অনেক দেশেই বাইসাইকেল জনপ্রিয় একটি বাহন, যা সাধারণ মানুষ ব্যবহার করছে। সে বিষয়টি মাথায় রেখেই নকিয়া এ বিশেষ চার্জার তৈরি করেছে। নকিয়া জানায়, যেকোনো সাইকেল আরোহী ১০ মিনিটে ১০ কিলোমিটার ভ্রমণের মাধ্যমে প্রায় ২৮ মিনিট কথা বলতে পারবেন। চলতি বছরের শেষের দিকে বিশ্বব্যাপী এ বিশেষ চার্জার পাওয়া যাবে। শুরুতে কেনিয়ায় এ চার্জার পাওয়া যাবে, যার দাম হবে ১৫ ইউরো। এ বিশেষ চার্জার বাজারে ছাড়ার পরেই নকিয়া বিশেষ ডিজাইনের আরও চারটি মোবাইল ফোনসেট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। যেসব উন্নয়নশীল দেশে বিদ্যুৎ সমস্যা রয়েছে, সেসব দেশের কথা মাথায় রেখে এসব মোবাইল ফোনসেট তৈরি করা হবে বলে জানানো হয়েছে। সাইকেলের জন্য চার্জার তৈরির ব্যাপারটি এবারই প্রথম নয়; এর আগেও সাইকেলের প্যাডেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি চালু হয়েছে। সাইকেলের চাকার সঙ্গে একটি ডায়নামো লাগানো থাকে। চাকা যখন ঘুরবে তখন এই ডায়নামো থেকে বিদ্যুৎ উৎপাদন হবে।—বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী