সাইনবোর্ডের আরও ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাস্তার পাশে নানা ধরনের সাইনবোর্ড দেখা যায়, যেগুলোতে নানা ধরনের সতর্কবাণী লেখা থাকে। সেসব সতর্কবাণী শুধু রাস্তা নয়, এর বাইরেও অনেক জায়গায় লাগানো যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক।
সতর্কবাণী: দাঁড়ালেই দণ্ড
লাগানোর স্থান: মহিলা স্কুল-কলেজের সামনে
কী রে, বেকুবের মতো দাঁড়ায় আছস ক্যান?
পুলিশ আইসা ফাইন করল! এইখানে দাঁড়াইলে নাকি ফাইন দেওন লাগে! সব তেলেসমাতি কারবার!
সতর্কবাণী: থামুন
লাগানোর স্থান: টক শোর অতিথিদের সামনে
সুপ্রিয় দর্শক, টক শোতে অতিথিদের সামনে ‘থামুন’ সাইনবোর্ড লাগানো যৌক্তিক না অযৌক্তিক, সেটা নিয়েই আজকের দুই অতিথির মধ্যে গন্ডগোল লেগে যাওয়ায় আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি...
সতর্কবাণী: ওভারটেকিং নিষেধ

লাগানোর স্থান: পরীক্ষার হল
এই ছেলে, ওভারটেকিং নিষেধ সাইন লাগানোর পরও এভাবে ওর খাতার দিকে উঁকি দিলে কেন? বরখাস্ত হতে চাও?
না মানে স্যার, হঠাৎ ব্রেক ফেল করেছিলাম তো, এ জন্যই...!

সতর্কবাণী: ধীরে চলুন
লাগানোর স্থান: সিনেমার শুটিং স্পটে
ধীরে চলুন বলেছি বলে এত ধীরে চললে হবে? একটু ফাস্ট করো।
ভাই, স্লো মোশন দৃশ্যের জন্য এভাবে কষ্ট করতে পারব না। আপনি বরং অলস কোনো অভিনেতাকে ডাকেন।

সতর্কবাণী: হর্ন বাজানো নিষেধ
লাগানোর স্থান: হর্ন বা শিংওয়ালা গরুর খামারে
ভাই, আপনার গরু সামলান! এরা বারবার শুকাইতে দেওয়া কাপড়ে শিং বাজায় আর কাপড় ছিঁড়ে ফেলে।
এই কারণেই তো সাইনবোর্ডটা বসাইলাম! আফসোস, এই বলদগুলা কিছুই বোঝে না!