সাইবার অপরাধ তদন্তের জন্য গবেষণাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার অপরাধ ঘটার হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ। প্রতিদিনই তাদের কাছে আসছে অসংখ্য নালিশ। অথচ এ অপরাধ তদন্তের জন্য তেমন শক্তিশালী কোনো অবকাঠামো নেই সিআইডি পুলিশের। এসব অপরাধসংক্রান্ত অভিযোগের তদন্ত করার জন্য তাদের ভরসা করতে হয় ‘সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (সিএফএসএল) ওপর। এতে করে তদন্ত বিলম্বিত হয়। অথচ মহারাষ্ট্র, কর্নাটক ও গুজরাট পুলিশ এই সাইবার অপরাধ তদন্ত করার জন্য ন্যাসকমের (ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ) সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করেছে সাইবার গবেষণাগার। কলকাতার সিআইডি পুলিশও এবার ওই পথে কলকাতায় একটি সাইবার অপরাধ দমনের জন্য তৈরি করছে সাইবার গবেষণাগার। এর দায়িত্বে থাকবেন ডিএসপি পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যে এ গবেষণাগার তৈরি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেছেন, প্রতিদিনই সিআইডি পুলিশের কাছে অভিযোগ আসে নানা সাইবার অপরাধের। লটারির নামে প্রতারণা, অরকুটে পুরুষ-মহিলাদের বিভিন্ন অশ্লীল প্রোফাইল খোলা, হ্যাক করে বন্ধুবান্ধব ও ব্যাংক থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে নানা অভিযোগ। সিআইডির এডিজি রাজ কানোজিয়া বলেছেন, সাইবার অপরাধের জটিল তদন্তগুলোর জন্য এখানে খোলা হচ্ছে সাইবার গবেষণাগার। এ জন্য সরকারি অনুমোদন পাওয়া গেছে। —অমর সাহা, কলকাতা