সাইবার অপরাধ প্রতিরোধে সিএসআইআরটির ওয়েবসাইট
সাইবার অপরাধ প্রতিরোধে সম্প্রতি একটি বিশেষ দল গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কম্পিউটার ও সাইবার অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য এই বিশেষ দলের একটি ওয়েবসাইটও চালু হয়েছে।রোববার ১৭ জুন বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনে বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম বা সিএসআইআরটি পক্ষ থেকে এ-বিষয়ক একটি এসএমএস বা খুদেবার্তাও পাঠানো হয়েছে।বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম বা সিএসআইআরটি সাইবার অপরাধ প্রতিরোধে সহায়তা, পরামর্শ ও বিশেষ তথ্যভান্ডার বা ডেটাবেজ তৈরির লক্ষ্যেই এ ওয়েবসাইট চালু করেছে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সাধারণ সভাপতি ও বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিমের সদস্য আবদুল হাকিম প্রগতি।এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার সুবিধা চালু করেছিল বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম। সে সময় সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সিএসআইআরটি সার্বক্ষণিক নজরদারি করবে এবং নতুন ওয়েবসাইট তৈরি করবে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ।বিশেষ দলটি রাষ্ট্র, সমাজবিরোধী বিভিন্ন ওয়েবসাইট শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করবে বলেই সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে। এ-সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শ নতুন এই ওয়েবসাইটটির মাধ্যমে পাওয়া যাবে।সিএসআইআরটি দলে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), পিএসটিএন, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ও সাইবার ক্যাফের প্রতিনিধিরা রয়েছেন। এ দলের সদস্যদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে।কম্পিউটার ও সাইবার অপরাধ বিষয়ে সহায়তা ও পরামর্শের জন্য- http://www.csirt.gov.bd/ ঠিকানায় যোগাযোগ করা যাবে আর [email protected] ঠিকানায় মেইল করা যাবে।প্রযুক্তির ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।উল্লেখ্য, ২৫ জানুয়ারি থেকে ১১ সদস্যবিশিষ্ট সিএসআইআরটি দলটি কাজ শুরু করলেও, এত দিন দলটির কোনো ওয়েবসাইট ছিল না।নতুন ওয়েবসাইটে বিভিন্ন দরকারি তথ্য পরামর্শ ও ২৪ ঘণ্টা সাইবার নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি পাসওয়ার্ড পরীক্ষা করা, পরামর্শ,পরিসংখ্যান, কোনো বিষয়ে অভিযোগ জানানো ও সতর্ক করার বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে। ওয়েবসাইটে মোট ছয়টি সার্ভিস বা সেবা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।বাংলাদেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এই ওয়েবসাইটের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।