সাইবার অপরাধ মোকাবিলায় এফবিআইয়ের বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস কোমি
জেমস কোমি

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কোমি ২০১৪ সালে অনেকটা কৌতুক ছলেই বলেছিলেন, সাইবার অপরাধ বিভাগের জন্য তথ্যপ্রযুক্তিতে মেধাবী কর্মী নিয়োগের ক্ষেত্রে এফবিআই সমস্যার মুখোমুখি হচ্ছে। কারণ এই বিষয়ে দক্ষ সবাই নাকি মাদকে আসক্ত। তিন বছর পর এখন তিনি এই সমস্যার একটা সমাধান পেয়েছেন বলে মনে হচ্ছে।
কোমি সে সময়ে বলেছিলেন যে সাইবার অপরাধীদের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যে দুর্দান্ত এক কর্মী বাহিনী তৈরির তাঁর যে প্রচেষ্টা, তা দিন দিন জটিল হয়ে পড়ছে। পরিষ্কার ভাষায় তখন জানিয়ে দিয়েছিলেন যে নতুন নিয়োগের ক্ষেত্রে গাঁজা বা তামাক ব্যবহারের ওপর এফবিআইয়ের যে নীতিমালা রয়েছে, তা তাঁরা পরিবর্তন করবেন না। সে নীতিমালায় লেখা আছে, গত তিন বছরে মাদক গ্রহণ করছেন এমন কাউকে এফবিআইয়ে নিয়োগ দেওয়া হবে না।
কোমি এখন কর্মী নিয়োগে শারীরিক সুস্থতা এবং নির্দিষ্ট প্রশিক্ষণের প্রয়োজনীয়তার বিধি কিছুটা শিথিল করার কথা বিবেচনা করছেন। অবশ্য তিনি আগেও একবার বলেছিলেন যে এফবিআই সেসব লোকের কাউকে খুঁজছে, যাঁরা সত্যিই স্মার্ট এবং যাঁরা সাইবার জগৎ সম্পর্কে জানেন।
এ লক্ষ্যেই এবার সাইবার নিরাপত্তা এজেন্টদের প্রশিক্ষণের জন্য একটি বিশেষ বিশ্ববিদ্যালয় তৈরি করতে যাচ্ছে এফবিআই। সাইবার বিশ্ববিদ্যালয় এফবিআইয়ের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এবং প্রযুক্তিগত দক্ষতার যেকোনো কাজের জন্য একটি প্রশিক্ষণস্থল হিসেবে ব্যবহার করা হবে।
মোখলেছুর রহমান, সূত্র: গিজমোডো