সাইবার অপরাধ রুখতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর সংকটজনক শারীরিক অবস্থা নিয়ে কয়েকটি ওয়েবসাইটে মৃত্যুর গুজবসহ বিভ্রান্তিকর খবর ছড়ানোয় এবার তত্পর হয়ে পড়েছে রাজ্য সরকার। ওয়েবসাইটে এই গুজব ছড়ানোকে একদম ভালো চোখে দেখছে না রাজ্য সরকার। ইতিমধ্যে ওয়েবসাইটে গুজব, ই-মেইল জালিয়াতি, হুমকি ইত্যাদি সাইবার অপরাধ দমনের জন্য এবার রাজ্য সরকার নতুনভাবে উদ্যোগী হয়েছে। একই সঙ্গে এই অপরাধ দমনের লক্ষ্যে রাজ্য সরকার একটি বিশেষ দল গড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে একজন নোডাল কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। নোডাল কর্মকর্তার নেতৃত্বে গড়া বিশেষ টিম এখন থেকে খতিয়ে দেখবে নানা সাইবার অপরাধের দিক। তারা তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে ওইসব ওয়েবসাইট বা ব্লগকে ব্লক করে দিতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্রসচিব অর্ধেন্দু সেন বৃহস্পতিবার জানান, ইন্টারনেটের মাধ্যমে জঙ্গি কার্যক্রম রুখতে ভারতের কেন্দ্রীয় সরকার ২০০০ সালে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করে। ২০০৮ সালে সেই আইন সংশোধন করে সাইবার অপরাধ সম্পর্কে বেশ কিছু নতুন বিধি সংযোজন করে। সেই লক্ষ্য নিয়েই এবার পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যে সাইবার অপরাধ দমনের জন্য উদ্যোগী হয়েছে। আইনবলে রাজ্যে নিয়োগ করছে একজন নোডাল কর্মকর্তা। এই কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল তথ্যপ্রযুক্তিতে নজরদারি চালাবে। যারা ইন্টারনেটের মাধ্যমে এই অপরাধের সঙ্গে যুক্ত হবে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তিনি আরও বলেছেন, কোনো ওয়েব সাইটে আপত্তিজনক কিছু প্রকাশ করা হলে সঙ্গে সঙ্গে সেই ওয়েবসাইট ব্লক করে দেওয়া হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। —অমর সাহা, কলকাতা