সাইবার অপরাধেক্ষতি ১১,৪০০ কোটি ডলার!
সাইবার অপরাধের কারণে বিশ্বে প্রতিবছর ক্ষতির পরিমাণ ১১ হাজার ৪০০ কোটি ডলার। কম্পিউটার নিরাপত্তা সফটওয়্যার নর্টনের নির্মাতা সিমানটেক করপোরেশন পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে আসে। সাইবার অপরাধের কারণে এ ক্ষতির অঙ্ক বিশ্বব্যাপী গাঁজা, কোকেন এবং হোরোইন চোরাচালানের আর্থিক অঙ্ককে ছাড়িয়ে গেছে। জরিপে দেখা গেছে, গত বছর ৪৩ কোটি ১০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ সাইবার অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ক্ষতিগ্রস্ত হয়েছে সাত কোটি ৪০ লাখ মানুষ। সাইবার অপরাধের কারণে যুক্তরাষ্ট্রে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন হাজার ২০০ কোটি ডলার। চীনে ক্ষতির পরিমাণ দুই হাজার ৫০০ কোটি ডলার, ব্রাজিলের ক্ষতি এক হাজার ৫০০ কোটি ডলার এবং ভারতের ক্ষতি হয়েছে ৪০০ কোটি ডলার। সিমানটেকের প্রতিবেদনে বলা হয়, অনলাইন ব্যবহারকারীদের ৬৯ শতাংশ সাইবার অপরাধের শিকার হচ্ছে। অর্থা ৎ প্রতিদিন ১০ লাখ মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, মোবাইল ফোনের মাধ্যমে সাইবার অপরাধের শিকার হচ্ছে ১০ শতাংশ মানুষ। চীন ও দক্ষিণ আফ্রিকায় সাইবার অপরাধের হার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। জরিপে অংশ নেওয়া চীনাদের ৮৫ শতাংশ বলেছে এবং দক্ষিণ আফ্রিকানদের ৮৪ শতাংশ বলেছে তারা প্রায় প্রতিদিনই সাইবার অপরাধের শিকার হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক, ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা, ভাইরাস ছড়ানো, শিশু পর্ণোগ্রাফি, গোপন গুরুত্বপূর্ণ তথ্য চুরি, কপিরাইট, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ইত্যাদিসহ নানাভাবে সাইবার অপরাধ সংঘটিত হয়। —রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান