বাংলাদেশের ১৯ জেলার ওয়েব পোর্টাল ‘জেলা তথ্য বাতায়ন’-এ সাইবার আক্রমণ করা হয়েছিল দেশের বাইরে থেকে। প্রাথমিক তদন্তে এমনটাই দেখা গেছে বলে গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা তথ্য বাতায়নের নির্মাতা ও কারিগরি বিষয়ে তত্ত্বাবধানকারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শনিবার বেলা ১১টায় ১৯টি জেলার তথ্য বাতায়নে সাইবার আক্রমণ করা হয়েছে। এ আক্রমণে ওয়েবসাইটগুলোর সাময়িক ক্ষতিসাধন হয়। কিন্তু বিকেল পাঁচটার মধ্যে পুনরায় ওয়েবসাইটগুলো কার্যকর করা হয়। বর্তমানে সব জেলা তথ্য বাতায়ন সক্রিয় আছে। এ বিষয়ে এখন পর্যন্ত তদন্ত চলছে।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে এটুআই কর্মসূচির কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া ম্যানেজার এস এম আকাশ প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, হ্যাকার (কম্পিউটার-ব্যবস্থায় অনুপ্রবেশকারী) ভারতীয় টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাদাতা সংস্থা বিদেশ সঞ্চার নিগম লিমিটেডের (ভিএসএনএল) আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা ব্যবহার করে জেলাগুলোর ওয়েব পোর্টালে আক্রমণ চালায়। এ থেকে বোঝা যাচ্ছে, হ্যাকারের অবস্থান ছিল দেশের বাইরে। তিনি আরও বলেন, হ্যাকিংয়ের এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে একাধিক সাইবার নিরাপত্তা-বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত হ্যাকিং বা সাইবার আক্রমণ চালানোর সময় হ্যাকাররা ছদ্ম আইপি ব্যবহার করে। ফলে এ ক্ষেত্রে হ্যাকারের অবস্থান শুধু আইপি ঠিকানা দেখে নিশ্চিত হওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞরা জানান, জেলার ওয়েব পোর্টালগুলোয় হামলার ধরন দেখে মনে হচ্ছে, এসব শৌখিন হ্যাকারদের কাজ।এটুআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে সাইবার-অপরাধীকে এক কোটি টাকা আর্থিক জরিমানাসহ সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ৬ জানুয়ারি দেশের ৬৪ জেলার জন্য তৈরি ৬৪টি ওয়েব পোর্টালের উদ্বোধন করেন। এসব জেলা তথ্য বাতায়নের প্রতিটি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে হালনাগাদ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়গুলোর সঙ্গে এটুআই কর্মসূচি ওয়েবসাইটের নিরাপত্তার কাজ করে। —নিজস্ব প্রতিবেদক