সাইবার আক্রমণের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো
যুক্তরাষ্ট্রের ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোতে সাইবার আক্রমণের ঝুঁকি বেড়ে গেছে। ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফিনানশিয়াল সার্ভিসেস ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার নামের একটি বিশ্লেষক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে সাইবার হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রযুক্তি বিশ্লেষকদের সূত্রে রয়টার্স জানিয়েছে, সম্প্রতি ব্যাংক অব আমেরিকা ও জেপি মরগান চেজ সাইবার আক্রমণের শিকার হয়। এ দুইটি প্রতিষ্ঠানে ডিনায়াল-অব-সার্ভিস (ডিডস) আক্রমণ চালিয়েছে সাইবার অপরাধীরা। ডিনায়াল-অব-সার্ভিস আক্রমণ হচ্ছে কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্স বা সেবাগ্রহীতার প্রকৃত ব্যবহারকারীদের বাধা দেওয়ার একটি কৌশল। এতে কোনো ওয়েবসাইট আক্রান্ত হলে তার গতি ধীর হয়ে যায় বা অনেক ক্ষেত্রে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাইরে থেকে কম্পিউটার সিস্টেম বা সাইটের সঙ্গে যোগাযোগের জন্য অসংখ্য বার্তা পাঠানোর মাধ্যমে এ হামলা চালানো হয়। একটি বার্তা বিশ্লেষণ করতে করতে আরও কয়েকটি বার্তা যদি এসে পড়ে, তখন ওই সিস্টেমটি আক্রমণকারীর পাঠানো বার্তা বিশ্লেষণেই ব্যস্ত হয়ে পড়ে; ফলে প্রকৃত ব্যবহারকারীরা ধীরগতির সম্মুখীন হয়।রয়টার্স জানিয়েছে, ব্যাংক অব আমেরিকা ও জেপি মরগান চেজসহ যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলো সাইবার হামলা চালানো হতে পারে বলে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই।এফবিআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানোর জন্য আগেই অনলাইনে হুমকি দিয়েছিল অজ্ঞাত কেউ। যাতে বলা হয়েছিল, ইউটিউব থেকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে তৈরি করা মার্কিন চলচ্চিত্র না সরানোয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানো হবে। এ হুমকির পরপরই ব্যাংকগুলোকে সতর্ক করা হয়।জেপি মরগান ও ব্যাংক অব আমেরিকার পক্ষ থেকে ওয়েবসাইটে সমস্যার কথা স্বীকার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফিনানশিয়াল সার্ভিসেস ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড অ্যানালাইসিস নামের এ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ব্যাংকগুলোকে সাইবার নিরাপত্তা জোরদার করতে ও বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে।