সাইবার ক্যাফেকে সেবা খাতে আনার দাবি
সাইবার ক্যাফেকে জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সাইবার ক্যাফে ব্যবসায়ীদের সংগঠন কোয়াবের নবনির্বাচিত কমিটি সরকারের কাছে এই দাবি জানায়। গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কোয়াবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও ‘তথ্যপ্রযুক্তি বিকাশে করণীয়: সমস্যা ও সমাধান’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব, সবকিছুই করা হবে। আমাদের সরকার কম্পিউটারের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে দেশে তথ্যপ্রযুক্তির দরজা খুলে দিয়েছিল।’ তিনি বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তির মহাসড়কে প্রবেশ করেছে। এই মহাসড়ক ভালোভাবে পার হওয়ার জন্য সাইবার ক্যাফে অনেক বেশি ভূমিকা পালন করতে পারে। কোনো অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে সাইবার ক্যাফেগুলো যাতে জড়িয়ে না পড়ে, সে ব্যাপারে কোয়াবের সব সদস্যের প্রতি তিনি আহ্বান জানান। সেবা খাত হিসেবে ঘোষণা, ভ্যাট কমানো, এসএমই সুবিধা প্রদান, ন্যূনতম মূল্যে ব্যান্ডউইড্থ প্রদানসহ ছয় দফা দাবি পূরণের আশ্বাস দেন তিনি।কোয়াবের নতুন সভাপতি নাজমুল করিম তাঁর বক্তব্যে কোয়াবের সাফল্য, ভবিষ্যৎ লক্ষ্য, পরিকল্পনা ও সরকারের কাছে সংগঠনের বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারি। সরকারি সহযোগিতা পেলে গ্রামে গ্রামে সাইবার ক্যাফে গড়ে তুলব।’ অনুষ্ঠানে বক্তৃতা করেন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে সভাপতি মো. আক্তারুজ্জামান, বাংলাদেশ টুরিজম প্রমোশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নাজির মিয়া, কোয়াবের সাবেক সভাপতি জহিরুল ইসলামসহ অনেকে। —তারিকুর রহমান খান