সাইবার গেমস প্রতিযোগিতা শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার ঢাকায় শেষ হচ্ছে বিশ্ব সাইবার গেমস (ডব্লিউসিজি) বাংলাদেশ ২০১২ প্রতিযোগিতা। সন্ধ্যায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) মিলনায়তনে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে পর্দা নামবে এ প্রতিযোগিতার। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের প্রতিযোগিতার প্রথম দুই দিন একক এবং দলগত খেলার কোয়ার্টার ফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে। আজ প্রতিযোগিতার শেষ দিনে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ডব্লিউসিজির বাংলাদেশ ব্যবস্থাপক এইচ এম ফয়েজ মোর্শেদ জানান, ডব্লিউসিজির আন্তর্জাতিক নিয়মে এককভাবে এফএনএস মোস্ট ওয়ান্টেড ও ফিফা ২০১২ এবং দলগতভাবে কল অব ডিউটি ও কাউন্টার স্ট্রাইক গেমস খেলছেন প্রতিযোগীরা।প্রায় ৮০০ গেমার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গেমস খেলার নানা অনুষঙ্গ হাতে প্রতিযোগীরা গত দুই দিন ব্যস্ত সময় পার করেছেন। রাজশাহী থেকে আসা গেমার আরাফাত চৌধুরী অংশ নিতে পেরেই দারুণ খুশি। তাঁর মতে, শারীরিক সামর্থ্য না থাকলে অনেকে মাঠের খেলায় অংশ নিতে পারে না। কিন্তু এ ধরনের খেলায় শারীরিক সামর্থ্যের খুব একটা প্রয়োজন নেই, বরং সাইবার গেমস বুদ্ধিবৃত্তিক চর্চাকে সহযোগিতা করে। আয়োজকেরা জানান, প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করেছে আইইউবি ও কম্পিউটার সোর্স লিমিটেড। প্রতিযোগিতার পাশাপাশি ছিল গেমস খেলার আধুনিক প্রযুক্তির অনুষঙ্গের প্রদর্শনী ও বেচাকেনা। —জিয়াউর রহমান চৌধুরী