সাইবার জগতে আজম খানের প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসম্রাট আজম খান গতকাল রোববার সকালে অগণিত ভক্তকে ছেড়ে চলে গেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত যেমন পুরো দেশ, তেমনি অশ্রুসিক্ত হয়েছেন অগণিত ভক্ত-শ্রোতা। কয়েক দিন থেকেই সাইবার জগতে তাঁর সরব উপস্থিতি ছিল। তবে গতকাল পপগুরুর বিদায় দিনেই এই উপস্থিতি যেন বেড়ে গিয়েছিল আরও হাজার গুণ। নিজে উপস্থিত না হলেও ভক্তরাই তাঁকে হাজির করেছেন সাইবার জগতে। বাংলা ব্লগ থেকে শুরু করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক-টুইটার জুড়ে আজম খানের উপস্থিতি জানান দেয়, কতটা জনপ্রিয় ছিলেন তিনি। গুরুর মৃত্যুতে শোকাহত হয়ে কেউ কেউ ফেসবুকে নিজের প্রোফাইল ছবিতে জুড়ে দিয়েছেন প্রিয় আজম খানের ছবি। কেউবা নিজের স্ট্যাটাসে গুরুকে নিয়ে লিখেছেন মনের কোণে জমানো নানা কথা। আবার কারও হয়তো আছে আজম খানের সঙ্গে তোলা ছবি। সেই স্মৃতি স্থান পেয়েছে ফেসবুকে। বাংলা ব্লগগুলোর মূল পাতার পুরোটা জুড়েই রয়েছে আজম খানের কথা। ব্লগাররা তুলে ধরেছেন তাঁর জীবনী। কেউ কেউ লিখেছেন, ‘চলে গেলে পপগুরু, এভাবে চলে যেতে হয় বুঝি!’ অনিমেষ রহমান নামের একজন ব্লগার লিখেছেন ‘গুরু তোমার জন্য এলিজি’ শিরোনামে কবিতা।গতকাল সকাল থেকেই অনলাইনের নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে আজম খানের মৃত্যুসংবাদ। একটি ওয়েবসাইটে নিথর আজম খানের একটা ভিডিও প্রচার করা হচ্ছিল। আর সেই ভিডিও লিংকটি হাজারো ফেসবুক ব্যবহারকারীর ওয়ালে কিংবা ব্লগে বারবার ঘুরেফিরে আসছিল। কেউবা ইউটিউব থেকে নিজের ওয়াল কিংবা অন্যের ওয়ালে তাঁর গানের ভিডিও দিয়েছেন সবার জন্য । আজম খানের এক ভক্ত তাঁর ফেসবুকের ওয়ালে লিখেছেন, ‘ছোটবেলায় আজম খানের “আলাল-দুলাল” গান না শুনলে আমি ভাত খেতাম না। আবার যদি ছোটবেলায় যাওয়া যেত! তাহলে হয়তো আবারও ওই গান গুরুর কণ্ঠেই শোনা যেত।’ মেহেদী হাসান নামের এক ফেসবুক ব্যবহারকারী তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘কে বলেছে গুরু নেই। এই যে ফেসবুকেই তো আজম খানের গান শোনা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে। তাই দয়া করে কেউ বলবেন না যে গুরু নেই।’ এমনই হাজারো ভক্তের কেউই মানতে পারছেন না, তাঁদের গুরু এভাবে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে ভক্তরা নানা কথা, গল্প, কবিতা আর ছবিতে আজম খানকে নিয়ে এসেছেন তাঁদের ব্লগ কিংবা ফেসবুক-টুইটারে। —আবু হেনা