সাইবার নিরাপত্তা ডিজিটাল বাংলাদেশের বড় চ্যালেঞ্জ

ডিজিটাল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাইবার নিরাপত্তা। এ জন্য প্রস্তুতি নিতে হবে শিক্ষাব্যবস্থার মধ্য দিয়েই। এখন থেকে সার্বিক প্রস্তুতি না নিলে বড় ধরনের সাইবার হামলার মুখোমুখি হতে হবে, যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য মোটেও সুখকর নয়। গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরের বিআইজেএফ সভাকক্ষে ‘নেক্সট জেনারেশন এডুকেশন অ্যান্ড সিকিউরিটি’ শিরোনামে এক আলোচনা সভায় এসব কথা বলেন উপস্থিত বক্তারা। সিটিও ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। সহযোগিতা করে এডিএন এডুসার্ভিসেস লিমিটেড।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ। তিনি বলেন, ‘আমাদের তথ্যপ্রযুক্তি খাতে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রত্যেকের বক্তব্য শুনতে হবে। সাইবার সিকিউরিটির বিষয়ে সরকারি বেসকারি ও শিক্ষাপ্রতিষ্ঠান সবার সঙ্গে এক হয়ে দমন করতে হবে।’
সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, ‘সরকারি ও বেসরকারি খাতে আর্থিক এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশই এ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশের সামনেও এ কঠিন পরিস্থিতি দৃশ্যমান।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ডিজিটাল বিনির্মাণ এবং তথ্যপ্রযুক্তির সার্বিক সুফল নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন সুদক্ষ জনবল। আর দক্ষ জনবল তৈরির মূলমন্ত্র হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থায় সাইবার নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করা। এ জন্য একাডেমি এবং এই শিল্প খাতের সবাইকে একযোগে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। তথ্য এখন সবচেয়ে বড় সম্পদ।
অনুষ্ঠানে বক্তৃতা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান তৌহিদ ভূঁইয়া, সিটিও ফোরামের মহাসচিব এজাজুল হক, এডিএন এডুসার্ভিসেস লিমিটেডের হেড অব বিজনেস নুরুল আলম, বিআইজেএফের সভাপতি আরাফাত সিদ্দিকীসহ অনেকে।
রাহিতুল ইসলাম