সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ খুঁজছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ খোঁজা হচ্ছে। জাতীয় একটি প্রতিযোগিতার মাধ্যমে কম্পিউটার ও নেটওয়ার্ক বিশেষজ্ঞদের নির্বাচিত করা হবে। কম্পিউটার প্রোগ্রামিংসহ ওয়েবভিত্তিক নিরাপত্তা নিশ্চিতের চ্যালেঞ্জ গ্রহণকারীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কম্পিউটারের নিরাপত্তা বিশেষজ্ঞ ছাড়া সাইবার অপরাধীদের ধরা সহজ হবে না। এ ক্ষেত্রে কম্পিউটার নিরাপত্তা নিয়ে যারা কাজ করছে, তাদের জন্য বিশেষ সুযোগ তৈরি হয়েছে। সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জের (সিএসসি) পরিচালক জুডি বাকের বলেন, আমরা মূলত নেটওয়ার্ক ও কম্পিউটার পদ্ধতির ওপর নির্ভরশীল। যার মধ্যে পুরো ডিজিটাল অর্থনীতি ও সমাজ যুক্ত রয়েছে। তবে দক্ষ প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞর অভাব রয়েছে। এ বিষয়ে এক জরিপে দেখা গেছে, প্রয়োজনীয় দক্ষ কাজের জন্য বিভিন্ন নিরাপত্তাপ্রতিষ্ঠান প্রযুক্তি নিরাপত্তায় দক্ষ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছে। নতুন নিরাপত্তা বিশেষজ্ঞ নির্বাচনের ক্ষেত্রে সিরিজ হিসেবে বিশেষ রকমের গেমসের মাধ্যমে মেধাবী ও দক্ষদের নেওয়া হবে, যারা নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে দক্ষ থাকবে। এ গেমসের মূল লক্ষ্য হচ্ছে, সঠিক দক্ষ লোক নির্বাচন করা, যারা দ্বিতীয় ধাপে বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেবে। গতকাল এ চ্যালেঞ্জ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং যাদের বয়স ১৬ বা এর বেশি তারা এতে অংশ নিতে পেরেছে। এ প্রতিযোগিতায় নির্বাচিতদের দক্ষতা আরও বাড়াতে বিভিন্ন ধরনের বৃত্তি, প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়েছে। বাকেরের মতে, সত্যিকারভাবে যারা ভালো করবে, তাদের যেমন নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ থাকবে; তেমনি দেশের জন্যও কিছু করার সুযোগ পাবে। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী