সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, বাংলাদেশসহ সারা বিশ্বে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের চাহিদা অনেক। দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা নিয়ে পড়ানো হয়। প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সব সদস্যকে দেশে ও বিদেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের চাহিদা মেটাতে ডিগ্রি, বিভিন্ন মেয়াদি কোর্স ও প্রশিক্ষণ চালু করার অনুরোধ জানান।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনের বিসিসি মিলনায়তনে গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামো ‘ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা গাইডলাইনস ও সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২১-২৫’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ জানান, দেশে একদিকে যেমন প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে, তেমনি সাইবার অপরাধও বাড়ছে। তথ্য চুরি, অর্থ চুরি বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে। এসব প্রতিহত করতে সক্ষমতা বাড়াতে হবে।
সাইবার জগতে কোনো কিছু করার আগে ভাবার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বেশির ভাগ ইন্টারনেট ব্যবহারকারীর শুরু ফেসবুকের মাধ্যমে। ফেসবুক মানুষের নানা তথ্য সংগ্রহ করে বলে ফেসবুক ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
গুরুত্বপূর্ণ তথ্যপরিকাঠামো ‘ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা গাইডলাইনস ও সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২১-২৫’–এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল সিকিউরিটি এজেন্সির পরিচালক (অপারেশন) এবং বিজিডি ই-গভসার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক খায়রুল আমীন, বিসিসির নির্বাহী পরিচালক মো. আবদুল মান্নান। এ ছাড়া সরকারি বিভিন্ন সংস্থা ও সরকারি খাতের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা এতে অংশ নেন।