সাইবার নিরাপত্তায় নতুন পণ্য
সাইবার নিরাপত্তায় ‘ট্রেন্ড মাইক্রো’ নামের নতুন পণ্য বাজারে এসেছে। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারে আনা এ পণ্যটির সাহায্যে ক্লাউড-ভিত্তিক সেবা পাওয়া যাবে। গত সোমবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে নতুন এ পণ্যটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ট্রেন্ড মাইক্রোর ন্যাশনাল সেলস ম্যানেজার আনন্দ শ্রিঙ্গি বলেন, ট্রেন্ড মাইক্রোর সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা অনলাইনের বিপজ্জনক ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ, ই-মেইল ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকি মোকাবিলার ক্ষেত্রে সহায়তা করতে সক্ষম। কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের গ্রাহকদের জন্য উপযোগী করেই অনলাইন দুনিয়ার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা এই সল্যুশন সফটওয়্যারটি গ্রাহকদের হাতে পৌঁছে দিচ্ছি।’
অনুষ্ঠানে জানানো হয়, ক্লাউড-ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিদিন প্রায় ২ কোটি ৫০ লাখেরও বেশি সাইবার হুমকি বা আক্রমণ থেকে ব্যবহারকারীকে নিরাপদ রাখে ট্রেন্ড মাইক্রো। এর সাহায্যে পাওয়া যাবে ইন্টারনেট নিরাপত্তা, মুঠোফোন নিরাপত্তাসহ সাইবার নিরাপত্তার সুবিধা। সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলবে। তিন ধরনের ব্যবহারকারীদের প্যাকেজে রয়েছে পৃথক সিডি। এতে করে ব্যবহারকারীরা স্বাধীনভাবে যেকোনো ডিভাইসেই এটি ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেন্ড মাইক্রোর রিজিওনাল অ্যাকাউন্ট ম্যানেজার কাঞ্চন মল্লিক, কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খানসহ প্রমুখ।