সাইবার নিরাপত্তার জন্য তরুণদের উত্সাহ দিচ্ছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ১৯ বছর বয়সী জোনাথন মিলিক্যান। বিবিসি এক খবরে জানিয়েছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা, স্কটল্যান্ড ইয়ার্ডের ই-ক্রাইম ইউনিট, প্রযুক্তি নিরাপত্তা-বিষয়ক প্রতিষ্ঠান সফোস ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক প্রতিষ্ঠান কোয়েনটেক আয়োজন করেছিল ছয় মাস ধরে চলা এ প্রতিযোগিতার। ক্যামব্রিজ ইউনিভার্সিটির শিক্ষার্থী জোনাথন এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিভিন্ন সাইবার আক্রমণ ঠেকানোর কাজ করতে হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল চার হাজার জন। আর সবচেয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন মিলিক্যান। জোনাথান সম্পর্কে বিচারকেরা মন্তব্য করেছেন, জোনাথান বর্তমান সময়ের চেয়ে অনেক দূর এগিয়ে রয়েছেন।যুক্তরাজ্যে দক্ষ সাইবার নিরাপত্তাকর্মী খুঁজে বের করাই ছিল এ প্রতিযোগিতার উদ্দেশ্য। ১১ মার্চ রোববার সায়েন্স মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী পলিন নেভিল-জোন্স। পুরস্কার হিসেবে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয় পরিদর্শনের সুযোগ পাচ্ছেন জোনাথান। রোমাঞ্চিত জোনাথন এ প্রসঙ্গে বলেন, ‘এটা এমন কোনো স্থান নয় যেখানে সবাই হরহামেশায় যেতে পারে।’