সাইবার নিরাপত্তায় সরকারকে সহযোগিতা করবে এফবিসিসিআই

সাইবার নিরাপত্তায় সরকারকে সহযোগিতা করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সম্প্রতি এফবিসিসিআইয়ের টেলিকমিউনিকেশন প্রাইভেট ব্রডকাস্টিং টিভি চ্যানেল, ক্যাবল টিভি নেটওয়ার্ক ও প্রিন্ট মিডিয়াবিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভায় এ বিষয়টি জানানো হয়।
এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন কমিটির ডিরেক্টর ইন চার্জ ও এফবিসিসিআই পরিচালক শোয়েব চৌধুরী, কো-চেয়ারম্যান এস এম আনোয়ার পারভেজ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
শোয়েব চৌধুরী বলেন, ‘দেশে সাইবার নিরাপত্তা জোরদার করতে ও দেশকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে সরকারকে সহযোগিতা করবে এফবিসিসিআই।’ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বিনা মূল্যে ইন্টারনেট প্রদানের জন্যও আহ্বান জানান শোয়েব চৌধুরী।
সভায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা এবং প্রস্তাব এফবিসিসিআইয়ের সামনে তুলে ধরা হয়।
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিনিধি এস এম ওয়াহিদুজ্জামান বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিসিএস। বিভিন্ন সময় অনেকেই পণ্য কিনে সার্ভিস না পাওয়া প্রসঙ্গে তিনি জানান, গ্রাহক যদি বিসিএসের সদস্যভুক্ত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনে প্রতিশ্রুত বিক্রয়োত্তর সেবা না পেয়ে থাকেন, সে ক্ষেত্রে সমিতির কাছে বিষয়টি জানানো হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এবং গ্রাহককে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়।
ক্যাবল টিভি অপারেটরদের পক্ষ থেকে মো. দ্বীন ইসলাম সভায় জানান, আগে ক্যাবল অপারেটরদের জন্য ফিড অপারেটর লাইসেন্স পেতে হলে সরকারকে চার হাজার টাকা ফি দিতে হতো যা এখন বৃদ্ধি পেয়ে ৩২ হাজার টাকা হয়েছে। ক্যাবল অপারেটরদের কল্যাণে এই চার্জ আরও কমানোর আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি