সাইবার পার্টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জন ম্যাকাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন ম্যাকাফি
জন ম্যাকাফি

২০১৬ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি। নিজের নামে চালু করা অ্যান্টিভাইরাস ‘ম্যাকাফি’ প্রযুক্তি দুনিয়ায় দীর্ঘদিন ধরেই বেশ জনপ্রিয়। ৬৯ বছর বয়সী ম্যাকাফি এর আগে ২০১২ সালে নিজের প্রতিবেশীকে হত্যার অভিযোগে আলোচিত হয়েছিলেন। এবার প্রেসিডেন্ট প্রার্থিতা ঘোষণা করে নতুন করে আবার আলোচনায় এলেন। ইতিমধ্যে প্রার্থিতা ঘোষণার বিষয়ে ম্যাকাফি ১৬ নামের একটি ওয়েবসাইটও (www.mcafee16.com) চালু করেছেন তিনি। ওয়েবসাইটে আলাদাভাবে লেখা আছে ‘প্রযুক্তি’, ‘ব্যক্তিগত নিরাপত্তা’, ‘স্বাধীনতা’। চালু করেছেন টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে চালু করা হয়েছে বিশেষ হ্যাশট্যাগ #mcafee16।
জন ম্যাকাফি বলেন, ‘আমি যে দেশটিতে বাস করছি তার জন্য কিছু করতে চাই। আমার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমার দেশের সরকারের। যদিও সাইবার নিরাপত্তার দিক দিয়ে আমাদের অবস্থা খুবই নাজুক। সরকারের বিভিন্ন কম্পিউটার বেদখল হচ্ছে।’ তিনি উল্লেখ করেন, ‘এখন সাইবারযুদ্ধকেও সত্যিকারের যুদ্ধের মতোই মনে করতে হবে। এ কাজগুলোতে আমি আমার দেশের সরকারকে সহায়তা করতে চাই, যাতে করে আমার দেশের নাগরিকেরা ভালো থাকতে পারে।’
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা রকমের কাণ্ডকারখানা করায় বেশ আলোচিত চরিত্র জন ম্যাকাফি। ১৯৮৭ সালে ম্যাকাফি অ্যান্টিভাইরাস সফটওয়্যার চালু করার সাত বছরের মাথায় পদত্যাগ করেন তিনি। সবকিছুর পাশাপাশি তথ্যপ্রযুক্তি দুনিয়ার আলোচিত ব্যক্তি জন ম্যাকাফি এবার নির্বাচনী দৌড়ে নামছেন। তাঁর প্রচারণা ব্যবস্থাপক নিশ্চিত করেছেন দলের নাম। আর সেটি হচ্ছে ‘সাইবার পার্টি’। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। প্রযুক্তি দুনিয়ায় নিজের অবস্থান তৈরি করে এবার নির্বাচনী দুনিয়ায় কতটুকু অবস্থান করতে পারবেন জন ম্যাকাফি সেটিই দেখার অপেক্ষায় আছেন খোদ মার্কিন নাগরিকেরা।
বিবিসি ও ডেইলি মেইল অবলম্বনে ।