সাইবার হামলা ঠেকাতে মার্কিন কংগ্রেসে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, পানি, পরিবহনব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর কম্পিউটার নেটওয়ার্ক সাইবার হামলা থেকে রক্ষা করতে মার্কিন সিনেটররা গত মঙ্গলবার কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন। ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট অব ২০১২’ নামের বিলটিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ককে বিদেশি হ্যাকারদের হামলা থেকে রক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। বিলের অন্যতম প্রবক্তা সিনেটর জোসেফ লিবারম্যান বলেন, ‘সাইবার হামলা মোকাবিলায় আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে, যাতে যুক্তরাষ্ট্রে কখনো সাইবার “নয়-এগারো” হামলা না হয়।’ জে রকফেলার নামে আরেকজন সিনেটর বলেন, ‘আমি মনে করি না যে দেশে এখন এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু আছে। বিদেশি হ্যাকাররা ইতিমধ্যে আমাদের ৫০০ প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে। হ্যাকিং করে তারা আমাদের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বিঘ্নিত করছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে।’ মার্কিন আইনপ্রণেতারা বলেন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হামলার কারণে গণমৃত্যু থেকে শুরু করে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া জাতীয় নিরাপত্তা ও মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিঘ্নিত হতে পারে। কংগ্রেসে উত্থাপিত এই বিলের ওপর আজ বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটি ও সরকারবিষয়ক সিনেট কমিটি শুনানি করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র এসব সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছে। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান