সাইবার হামলা নিয়ে টুইটারের সতর্কতা
কিছু টুইটার ব্যবহারকারীকে সতর্ক করে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার সমর্থিত হ্যাকাররা তাঁদের অ্যাকাউন্ট থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। আজ সোমবার রয়টার্সের খবরে জানানো হয়, প্রথমবারের মতো টুইটার এ ধরনের সতর্কবার্তা দিল।
টুইটারের নোটিশে জানানো হয়, এখন পর্যন্ত স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার কোনো প্রমাণ অবশ্য মেলেনি। তবে স্বল্প সংখ্যক অ্যাকাউন্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। টুইটারে আক্রমণ বা সম্ভাব্য সন্দেহে বিষয়টি নিয়ে চালানো তদন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি টুইটার। সরকারি সংস্থার মদদে সাইবার হামলা চালানোর বিষয়টি নিয়ে টুইটারের নোটিশ এ বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সরকারি সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান, মিডিয়া সবার হ্যাকারদের কবলে পড়েছে।
টুইটারের সতর্ক বার্তা নিয়ে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট মাদারবোর্ড ও দ্য ফিন্যান্সিয়াল টাইমসও এর আগে প্রতিবেদন প্রকাশ করেছে।
সম্প্রতি কোল্ডহ্যাক নামের কানাডার একটি অলাভজনক সংস্থা টুইটারের সতর্কবার্তা পেয়েছে বলে দাবি করেছে। তারা বলছে, গত শুক্রবার টুইটার থেকে একটি সতর্কবার্তা পায় তারা। টুইটারের নোটিশে বলা হয়েছে, আক্রমণকারীরা ইমেইল ঠিকানা, আইপি ঠিকানা বা ফোন নম্বর সংগ্রহের চেষ্টা চালায়।