সাইবার হামলা বাড়ছে ইসরায়েলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দেশটিতে সাইবার হামলার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র সাইবার হামলার ব্যাপারে ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করার কয়েক দিন পর নেতানিয়াহু এ কথা বলেন।রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের কম্পিউটার অবকাঠামোয় এখন ঘন ঘন হামলা হচ্ছে। এটা খুবই উদ্বেগের একটি বিষয়। প্রতিদিন ইসরায়েলের কম্পিউটার ব্যবস্থায় কেউ না কেউ হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে। এ ধরনের হামলা প্রতিহত করার জন্য আমি গত বছর জাতীয় সাইবার অধিদপ্তর স্থাপন করেছি, যা কিনা কম্পিউটার সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি বর্ম হিসেবে কাজ করবে।’ তবে কোন কোন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালানোর চেষ্টা হচ্ছে বা কারা এসব হামলার চেষ্টা চালাচ্ছে, সে ব্যাপারে নেতানিয়াহু নির্দিষ্ট করে কিছু বলেননি। শুক্রবার মার্কিন কর্মকর্তা জেমস লুইস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওয়াশিংটনের ধারণা, গত আগস্ট মাসে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ও কাতারের একটি গ্যাস প্রতিষ্ঠানে সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে। জেমস লুইস মার্কিন পররাষ্ট্র দপ্তর ও সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের সাইবার-নিরাপত্তা নিয়ে কাজ করেন।লুইস জানান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিয়ন প্যানেট্টা কয়েক দিন আগে তেহরানের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ‘মার্কিন কম্পিউটার নেটওয়ার্কগুলোকে রক্ষার জন্য ওয়াশিংটন প্রস্তুত।’ চলতি বছরের গোড়ার দিকে ইসরায়েলের বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। অনেকের দাবি, আরব হ্যাকাররা এসব ওয়েবসাইট হ্যাক করেছে। ইসরায়েলি হ্যাকাররা দাবি করেছে, তারা এসব হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বেশ কয়েকটি ওয়েবসাইটে হামলা চালিয়েছে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান