দ্বিতীয়বারের মতো ইন্টারনেট ব্ল্যাকআউটে পড়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ খবর অনুযায়ী, এ অবস্থা থেকে পুরোপুরি উত্তরণ করতে পারেনি দেশটির ইন্টারনেট গবেষকেরা। ইন্টারনেট সেবা ও কর্মদক্ষতা পরিমাপ করা সংস্থা ডেন রিসার্চ সম্প্রতি জানিয়েছে, প্রথমে একবার উত্তর কোরিয়ার ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার পরে সেটি থেকে উত্তরণ করতে পেরেছে দেশটির ইন্টারনেট বিশেষজ্ঞরা। তবে আবারও ইন্টারনেট সেবা ব্যাহত হয় এবং সে সমস্যাটি উত্তরণের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটির সরকার।
মূলত উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে নিয়ে তৈরি দ্য ইন্টারভিউ নামের কমেডি সিনেমা তৈরির বিষয় নিয়ে নির্মাতা সনি পিকচার্সের ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয় উত্তর কোরিয়া থেকে। পরবর্তীকালে যুক্তরাষ্ট্র থেকে সাইবার হামলা চালিয়ে উত্তর কোরিয়ায় ইন্টারনেট সেবা ব্যাহত করে দেওয়া হয়। এ ব্যাপারে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সনি পিকচার্সে হামলার বিষয়ে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে এফবিআই।
উল্লেখ্য, ২০১১ সালে উত্তরাধিকারী হিসেবে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার আগ পর্যন্ত কিম জং-উন পর্দার অন্তরালেই ছিলেন। এ সময়কালে দেশটির বেশির ভাগ মানুষই তাঁর ছবি দেখেনি বা তাঁর সম্পর্কে জানত না। সম্প্রতি হলিউডে তাঁকে নিয়ে নির্মিত দ্য ইন্টারভিউ নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি সাইবার হামলা। উত্তর কোরিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়, এ সিনেমাটি নির্মাণে হোয়াইট হাউসের সহযোগিতা রয়েছে। আজ এ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
—বিবিসি ও দ্য গার্ডিয়ান অবলম্বনে কাজী আলম