সাইবার হামলার শিকার উইকিলিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন তথ্য ফাঁস করে আলোচিত ওয়েবসাইট উইকিলিকস সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে। এ ওয়েবসাইটে ‘ডিনায়াল-অব-সার্ভিস’ বা ডিডস আক্রমণ হয়েছে বলে উইকিলিকসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এক খবরে জানিয়েছে হাফিংটন পোস্ট।উইকিলিকসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এক সপ্তাহ ধরে ডিডসের আক্রমণের মুখে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। শনিবার প্রকাশিত এ বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগস্ট মাসের শুরু থেকেই উইকিলিকসে সাইবার হামলা শুরু হয়। পরে এ আক্রমণ আরও বেড়েছে। ডিনায়াল-অব-সার্ভিস আক্রমণ হচ্ছে কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্স বা সেবাগ্রহীতার প্রকৃত ব্যবহারকারীদের বাধা দেওয়ার একটি কৌশল। এতে কোনো ওয়েবসাইট আক্রান্ত হলে তার গতি ধীর হয়ে যায় বা অনেক ক্ষেত্রে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাইরে থেকে কম্পিউটার সিস্টেম বা সাইটের সঙ্গে যোগাযোগের জন্য অসংখ্য বার্তা পাঠানোর মাধ্যমে এ হামলা চালানো হয়। একটি বার্তা বিশ্লেষণ করতে করতে আরও কয়েকটি বার্তা যদি এসে পড়ে, তখন ওই সিস্টেমটি আক্রমণকারীর পাঠানো বার্তা বিশ্লেষণেই ব্যস্ত হয়ে পড়ে; ফলে প্রকৃত ব্যবহারকারীরা ধীরগতির সম্মুখীন হয়। উইকিলিকস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সাইটটিতে অসংখ্য আইপি অ্যাড্রেস থেকে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইটের বেশি ভুয়া ট্রাফিক দেখাচ্ছে।অনলাইন কনটেন্ট প্রদানকারী প্রতিষ্ঠান আকামাইয়ের কর্মকর্তা জস করমান এ প্রসঙ্গে জানিয়েছেন, গত কয়েক বছরের ডিনায়াল-অব-সার্ভিস আক্রমণের মধ্যে এবারের হামলা অনেক শক্তিশালী।কারা হামলা চালিয়েছে সে প্রসঙ্গে উইকিলিকস কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি প্রকাশ করে দেশটির বিরাগভাজন হওয়া উইকিলিকসে রোববার থেকে যুক্তরাষ্ট্রসংশ্লিষ্ট নথি পড়া যাচ্ছে না। বর্তমানে উইকিলিকস বন্ধ রয়েছে।