সাইবার হামলার শিকার ‘বিদ্যুৎ গ্রিড’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গত এগারো বছরের মধ্যে ভয়াবহতম বিদ্যুৎ-বিপর্যয়ের কারণ খুঁজতে গিয়ে নতুন একটি আশঙ্কার কথা ভাবছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতীয় বিশেষজ্ঞদের বরাতে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, সাইবার হামলার কারণেও দেশটিতে এই বিদ্যুৎ-বিপর্যয় ঘটে থাকতে পারে। হ্যাকাররা সাইবার হামলা চালিয়ে পাওয়ার গ্রিড অচল করে পারে বলে ধারণা করছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকেরা।নর্দান গ্রিড বিকল হয়ে পড়ায় ২৯ জুলাই রোববার মধ্যরাতে ভারতের উত্তরাঞ্চলীয় নয়টি রাজ্য বিদ্যুত্-বিপর্যয়ে পড়ে। দেশটির ৩০ কোটি মানুষকে বিদ্যুত্হীন দীর্ঘ ছয়টি ঘণ্টা অতিবাহিত করতে হয়। বাধাগ্রস্ত হয় রেল ও সড়ক যোগাযোগব্যবস্থা। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের উত্তরাঞ্চলীয় জাতীয় গ্রিড লাইনে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণেই এ বিপর্যয়। কিন্তু গ্রিড লাইন বিকল হওয়ার কারণ খুঁজতে গিয়ে ভারতের কম্পিউটার ইমারজেন্সি রেসপনস টিম (সার্ট-ইন) ও ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (এনটিআরও) যেসব আশঙ্কার কথা ভেবেছেন, তার মধ্যে সাইবার হামলা বিষয়টি এসেছে। পাওয়ার গ্রিডে সাইবার হামলা ‘তাত্ত্বিকভাবে সম্ভব’ বলে মন্তব্য করেছেন সার্ট-ইনের বিশেষজ্ঞরা। এ নিয়ে তাঁরা তদন্ত করার কথাও জানিয়েছেন। তবে সাইবার আক্রমণের কারণেই ভারতের এই বিদ্যুৎ-বিপর্যয় কি না, তা ভারতের সার্ট-ইন কিংবা এনটিআরও নিশ্চিত করেনি। আর, পাওয়ার গ্রিডে হামলার দায়িত্ব এখন পর্যন্ত কোনো হ্যাকার দলও স্বীকার করেনি। এদিকে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিড বা বৈদ্যুতিক স্থাপনায় হামলার বিষয়ে সবচেয়ে উদ্বেগে আছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হ্যাকাররা যুক্তরাষ্ট্রের পুরো পাওয়ার গ্রিড বিকল করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার মহাপরিচালক জেনারেল কিথ আলেকজান্ডার জানিয়েছেন, সাইবার হামলার মাধ্যমে হ্যাকাররা গ্রিডের কম্পিউটার-ব্যবস্থা বা পাওয়ার সিস্টেম অচল করে দিতে পারে। এখন হ্যাকারদের অন্যতম লক্ষ্য যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পাওয়ার গ্রিড, হোয়াইট হাউসের এক সভায় এ আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।সন্দেহের তির ‘অ্যানোনিমাস’-এর দিকে!সাইবারজগতের অতিপরিচিত একটি নাম ‘অ্যানোনিমাস’। এই হ্যাকার দলটি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হামলা চালিয়ে পরিচিতি পেয়েছে। যেকোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলা হলে প্রথমেই আসে এ হ্যাকার দলের নাম। ‘অ্যানোনিমাস’ নিয়ে গবেষণা করছেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেমস লুইস। তাঁর মতে, অ্যানোনিমাস এখন তাদের লক্ষ্য বদলে ফেলেছে এবং বর্তমানে অধিকতর স্পর্শকাতর লক্ষ্য নিয়ে কাজ করছে। ৫ নভেম্বর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিল দলটি। পরে তা দলভ্রষ্ট কোনো হ্যাকারের হুমকি বলে দায়িত্ব অস্বীকার করেছিল তারা। বিভিন্ন ওয়েবসাইটে হামলার জন্য অ্যানোনিমাস ‘কুখ্যাত’ হলেও তারা অনেক সময় টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে আগেভাগেই তা ঘোষণা দেয়। তবে বিশ্বব্যাপী বিরাট আকারে হামলা চালানোর কোনো ইঙ্গিত দেয়নি হ্যাকারদের এ দলটি। বিদ্যুত্-ব্যবস্থার ওপরও হামলার কোনো ইঙ্গিত দেয়নি তারা। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করেছে, এই হ্যাকার দল তাদের বিদ্যুত্-ব্যবস্থায় সাইবার হামলা চালাতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য হ্যাক করাসহ যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ড ও এফবিআইয়ের কর্মকর্তাদের মধ্যকার স্পর্শকাতর তথ্য হ্যাক করে তা অনলাইনে প্রকাশ করে দেয় অ্যানোনিমাস।বিশ্বব্যাপী বিদ্যুত্-ব্যবস্থার ওপর হামলার জন্য বিশেষজ্ঞরা এখন এই হ্যাকার দলকে সন্দেহ করছেন। তবে এ বছরের ফেব্রুয়ারি মাসে অ্যানোনিমাস ‘ওয়াল স্ট্রিট জার্নাল’কে জানিয়েছিল, দুই-এক বছরের মধ্যে হ্যাকাররা সীমিত আকারে বিদ্যুত্-বিপর্যয় ঘটাতে পারে।চলছে গোপন সাইবার যুদ্ধসাইবার হামলা, সাইবার যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা—তিনটি বিষয়ই এখন বিভিন্ন দেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ১ জুন ‘নিউইয়র্ক টাইমস’ জানিয়েছিল, সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইরানে গোপনে সাইবার আক্রমণের জন্য নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাস খানেকের মধ্যেই এ নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু তারও আগে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাইবার অস্ত্র প্রয়োগের নির্দেশ এসেছিল সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছ থেকে। ‘অলিম্পিক গেমস’ কোডনামে এ গোপন আক্রমণ শুরুর নির্দেশ দিয়েছিলেন বুশ। পরে এ আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বারাক ওবামা। ‘স্টাক্সনেট’ নামের যে কম্পিউটার ভাইরাসটি ইরানের সবচেয়ে বেশি কম্পিউটারে ছড়িয়ে পড়েছিল, সেটি নাকি ছড়ানো হয়েছিল ওবামার নির্দেশেই। পরে অবশ্য কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেকের গবেষকেরা ভাইরাসটির কোড বিশ্লেষণ করে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি বলে জানান। স্টাক্সনেটের তথ্য প্রকাশ হয়ে পড়ার পর হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডেকে হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছিলেন বারাক ওবামা। ‘নিউইয়র্ক টাইমস’ জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের এই সাইবার হামলা এখন কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই; উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও এ ধরনের হামলা চালানোর নির্দেশদাতা ওবামা প্রশাসন।’ চলতি বছরেই ‘ফ্লেম’ নামের একটি কম্পিউটার ভাইরাস আবার আঘাত হানে ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেকের গবেষকেরা জানিয়েছেন, ফ্লেম ভাইরাসটি স্টাক্সনেট গোত্রেরই, তবে এটি আরও ভয়ংকর। এদিকে ইরানের দাবি, তারা স্টাক্সনেট ও ফ্লেম ম্যালওয়্যারের আক্রমণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গড়ে তুলেছে।গোপন মারাত্মক ‘সাইবার অস্ত্র’সিমানটেকের সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সাইবার অস্ত্রের ব্যবহার এখন আর সীমিত পরিসরে নেই। ইন্টারনেটের এ যুগে হ্যাকিং টুল ও স্পর্শকাতর অনেক তথ্যই দুষ্কৃতকারীদের হাতে চলে যাচ্ছে। যেকোনো সময় উদ্দেশ্য হাসিলের জন্য আক্রমণ চালাতে পারে তারা। সাইবার আক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এর পরিধি। সাইবার অপরাধীরা বেছে নিচ্ছে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় ক্ষেত্রগুলো। এ আক্রমণে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে ভাইরাস ম্যালওয়্যার। তবে সাইবার অস্ত্রের গুরুত্বপূর্ণ উন্নয়নের বিষয়টি প্রথম নজরে এসেছিল ২০১০ সালে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেকের বিশেষজ্ঞদের বরাতে সে সময় বিবিসি জানিয়েছিল, অসম্পূর্ণ কোডবিশিষ্ট মারাত্মক ম্যালওয়্যার স্টাক্সনেট ইরানের বাশার পারমাণবিক কেন্দ্রের সেন্ট্রিফিউজকে নিশানা করেই বানানো হয়েছিল। এই ম্যালওয়্যারের প্রথম লক্ষ্য ছিল পাওয়ার প্ল্যান্ট আর বড় কোনো শিল্পস্থাপনার যন্ত্রপাতি। সিমানটেকের গবেষক টম পার্কারের মতে, এ ম্যালওয়্যারটির কোডের মধ্যে লুকানো আছে হ্যাকারের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট। এটি তৈরি করা হয়েছে কয়েকটি নির্দিষ্ট ব্লক ব্যবহার করে। এর মধ্যে একটি অংশ ইন্ডাস্ট্রি কন্ট্রোল প্যানেলকে নিশানা করে। আরেকটি অংশ ম্যালওয়্যারটির ছড়িয়ে পড়ার পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে এবং ম্যালওয়্যারটির নির্মাতার সঙ্গে যোগাযোগ ও তার হাতে পুরো নিয়ন্ত্রণ রাখার কাজটিও করে। এর সবচেয়ে কার্যকর অংশটি হলো, এটি বিভিন্ন শিল্পকারখানার প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারকে (পিএলসি) আক্রমণ করে।একটি সিস্টেমে এ ম্যালওয়্যার ঢুকে কোনো সিস্টেমের ‘বিট’ কমিয়ে দেয় এবং সিস্টেমের কমান্ড ও কন্ট্রোল অংশ বন্ধ করে দেয়। স্টাক্সনেট মূলত ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে পারে; আর পিএলসির কাজও সেটি। স্টাক্সনেট ৮০৭ থেকে ১ হাজার ২১০ হার্টজ ক্ষমতার ফ্রিকোয়েন্সিতে চলা মোটরকে নিশানা করে বানানো। আর এই ফ্রিকোয়েন্সিতে খুব অল্পসংখ্যক মোটরই চলে। এ ছাড়া পিএলসিতে স্টাক্সনেট কাজ শুরু করলে তা ফ্রিকোয়েন্সি বদলে দিয়ে সেন্ট্রিফিউজের কাজের ব্যাঘাত ঘটায়। যদি স্টাক্সনেট কাজ করতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে হ্যাকাররা এ ম্যালওয়্যারের কমান্ড ও কন্ট্রোল সিস্টেম সরিয়ে ফেলতে পারে। ফলে স্টাক্সনেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্যও আর কোনো ক্লু বা প্রয়োজনীয় তথ্য থাকে না। বিদ্যুত্-ব্যবস্থা বিকল করে দিতে পারে এমন আরেকটি সাইবার অস্ত্রের নাম ‘ডিরেক্টেড এনার্জি উইপন’ (ডিইডব্লিউ)। এ অস্ত্রটি স্টাক্সনেটের মতো কোডনির্ভর নয়। এটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা বৈদ্যুতিক চুম্বকক্ষেত্র সৃষ্টি করে বিদ্যুতের পাওয়ার গ্রিড অকার্যকর করে দিতে সক্ষম। লক্ষ্য এখন বৈদ্যুতিক গ্রিড ও পাইপলাইনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাএ বছরের ৮ মে মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা মার্কিন গ্যাস পাইপলাইনে সাইবার হামলা বেড়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের (ডিএইচএস) মুখপাত্র পিটার বুগার্ট সে সময় জানান, তাঁর সংস্থা তেল ও গ্যাসক্ষেত্রের মালিক ও অপারেটরদের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর নিরাপত্তা নিয়ে গত মার্চ মাস থেকে কাজ করে যাচ্ছে। এসব অবকাঠামো নিশানা করে এ সময়ের মধ্যে উপর্যুপরি সাইবার হামলা হয়েছে। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মীদের লক্ষ্য করেও বেড়েছে সাইবার আক্রমণ। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠান কন্ট্রোল সলিউশন জানিয়েছে, সাম্প্রতিক এসব হামলা দেখিয়ে দিয়েছে তথাকথিত জটিল অবকাঠামোর নেটওয়ার্ক-ব্যবস্থা আসলে কতটা দুর্বল। বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বৈদ্যুতিক গ্রিড লাইন, পানি সরবরাহ ও গ্যাস পাইপলাইন অবকাঠামোগুলো।