সাইবার হামলার হুমকির মুখে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত্রুভাবাপন্ন রাষ্ট্র ও অপরাধীরা যুক্তরাজ্যে সাইবার হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থা। সংস্থাটির প্রধান আইন লোবান বলেছেন, ব্রিটেনের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য জরুরি সেবা খাত চরম ঝুঁকির মুখে রয়েছে। ইন্টারনেটের দ্রুত অগ্রগতি এসব সেবা খাতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মেইও একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। স্কাই নিউজকে তিনি বলেছেন, সাইবার সন্ত্রাসের মতো নতুন হুমকির মুখে রয়েছে যুক্তরাজ্য।গোয়েন্দা কর্মকর্তা আইন লোবান লন্ডনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এক সভায় এ সতর্কবাণী উচ্চারণ করে বলেন, যুক্তরাজ্যে হামলার হুমকির বাস্তব ভিত্তি ও বিশ্বাসযোগ্য কারণ রয়েছে। তিনি বলেন, এ হুমকির পরিপ্রেক্ষিতে জরুরি সেবা খাতগুলোর পরিচালকদের সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি হামলা-পরবর্তী করণীয় নিয়েও তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে। আইন লোবান বলেন, সরকার পরিচালিত কম্পিউটার নেটওয়ার্কগুলোতে মাসে অন্তত এক হাজার বিদ্বেষপূর্ণ বার্তা আসে। এসব বার্তার পরিপ্রেক্ষিতে বলা যায়, যুক্তরাজ্যের গণমাধ্যম, আর্থিক, স্বাস্থ্য ও পরিবহনসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো সবেচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। তিনি বলেন, সাইবার হামলা মোকাবিলায় প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ প্রস্তুতি পর্যাপ্ত না হলে যুক্তরাজ্যের অর্থনীতি ফের ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করে দেন। আবার হামলা ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নিলে চলমান অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত রাখা যাবে বলেও তিনি মন্তব্য করেন। ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থার পাশাপাশি সরকারি যোগাযোগ সদর দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী লোবান আরও বলেন, সাইবার হামলার বিষয়টি কেবল জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাসংক্রান্তই নয়, এর সঙ্গে যুক্তরাজ্যের অর্থনীতি ও জাতীয় স্বার্থও জড়িত রয়েছে। মেধাস্বত্বকে সন্ত্রাসীদের অপব্যবহার থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। —এএফপি অবলম্বনে মনিরুল ইসলাম