সাইবার হামলায় কুপোকাত রাশিয়ার কয়েক ডজন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক

প্রতীকী সাইবার হামলাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়াকে বাধ্য করতে দেশটিতে সাইবার হামলা চালাচ্ছে ইউক্রেনের হ্যাকাররা। এরই মধ্যে সাইবার হামলা চালিয়ে রাশিয়ার কয়েক ডজন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের ওয়েবসাইট অকার্যকর করার দাবি করেছে ইউক্রেনের সাইবার গেরিলা ওয়ারফেয়ার গ্রুপ। কিছু ওয়েবসাইটের তথ্য পরিবর্তনের পাশাপাশি যুদ্ধের ছবিও যুক্ত করেছে তারা।

ব্যাংক ও সরকারি ওয়েবসাইটে হামলার পর এবার রাশিয়ার বিদ্যুতের সঞ্চালন লাইন ও রেল ব্যবস্থাপনায় সাইবার হামলা চালানোর পরিকল্পনা করেছে সাইবার গেরিলা ওয়ারফেয়ার গ্রুপটি। হামলার প্রযুক্তি ও কৌশল জানতে এরই মধ্যে আন্তর্জাতিক হ্যাকার দলের সঙ্গে আলোচনাও করেছে তারা।

রাশিয়ায় বড় পরিসরে হামলার নেতৃত্ব দেবেন ইউক্রেনের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ইয়েগর অশেভ। ইউক্রেনে রাশিয়ার সেনা ও অস্ত্র আনা ঠেকানোই এ সাইবার হামলার উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।

গেরিলা ওয়ারফেয়ার গ্রুপের সদস্যসংখ্যা এক হাজারের বেশি। ইউক্রেনের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী হ্যাকাররা এই দলে কাজ করছেন।
সম্প্রতি রাশিয়ায় সাইবার হামলা চালাতে নিজ দেশের হ্যাকার ও সাইবার বিশেষজ্ঞদের আহ্বান জানিয়েছিল ইউক্রেন। শুধু তা-ই নয়, রাশিয়ার ডিজিটাল অনুপ্রবেশ ঠেকাতে আইটি সেনাবাহিনীও চালু করে।
সূত্র: রয়টার্স