সাইবার হামলায় দায়ী কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার হামলা
সাইবার হামলা

বিশ্বজুড়ে এখন আলোচিত ঘটনা ওয়ানাক্রাই নামের র‍্যানসমওয়্যার আক্রমণ। এখন পর্যন্ত ১৫০টি দেশে তিন লাখ যন্ত্র ক্ষতিকর এই ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে এর পেছনে কারা কলকাঠি নাড়ছে, তা নিয়ে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সন্দেহের তির উত্তর কোরিয়ার দিকে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেক ও ক্যাসপারস্কি ল্যাবের বিশেষজ্ঞরা বলছেন, গতকাল সোমবার তাঁরা কারিগরি সূত্র খুঁজে পেয়েছেন। এতে দেখা গেছে, বৈশ্বিক এ সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। ওয়ানাক্রাই সফটওয়্যারের শুরুর দিকের কিছু কোড তাঁরা বিশ্লেষণ করে উত্তর কোরিয়ার ল্যাজারাস গ্রুপের সংশ্লিষ্টতা পেয়েছেন।

ক্যাসপারস্কি ল্যাবের গবেষক কার্ট বমগার্টনার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ওয়ানাক্রাইয়ের উৎস সম্পর্কে এখন পর্যন্ত জানা সেরা তথ্য এটাই।’

সিমানটেকের তদন্তকারী এরিক চিয়েন নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘এখন পর্যন্ত ক্ষণস্থায়ী একটা লিংক পাওয়া গেছে। আমরা আরও কোড বিশ্লেষণ করলে এ ধারণার ওপর আস্থা তৈরি করতে পারব।’

গতকাল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের কর্মকর্তারাও একই ধরনের সূত্র খুঁজে পাওয়ার কথা বলেছেন।

অবশ্য ওই দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনই উত্তর কোরিয়ার ওপর পুরোপুরি দোষ চাপানো হয়নি।

সাইবার নিরাপত্তা গবেষকেদের এই তদন্তগুলো ওয়াশিংটনসহ বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রেও কাজে লাগবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টার সন্দেহের তির উত্তর কোরিয়া ও সাইবার অপরাধীদের দিকে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, এই আক্রমণের পেছনে কারা রয়েছে, এখনই তা বলা যাচ্ছে না। তবে উত্তর কোরিয়াকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

ল্যাজারাস হ্যাকারস গ্রুপটি উত্তর কোরিয়ার মদদপুষ্ট বলে সন্দেহ করা হয়। হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করার বৈশিষ্ট্য এ গ্রুপটির মধ্যে দেখা যায়। এই দলকে বাংলাদেশ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির জন্য সন্দেহ করা হয়। এ ছাড়া সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট এবং গত ফেব্রুয়ারিতে পোল্যান্ডের ব্যাংকে আক্রমণের জন্য ল্যাজারাস হ্যাকারস গ্রুপকে সন্দেহ করা হয়।

এখন পর্যন্ত যা জানা গেছে:
১. ১৫০টি দেশে তিন লাখ পিসি আক্রান্ত হয়েছে।
২. মাইক্রোসফট ও রাশিয়া যুক্তরাষ্ট্রকে দুষছে।
৩. গবেষকেদের সন্দেহের তির উত্তর কোরিয়ার ল্যাজারাস গ্রুপের দিকে।
৪. ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যারটির নতুন সংস্করণ এলেও তার প্রভাব কম।
৫. আক্রমণের দ্বিতীয় ধাপ এখনো শুরু হয়নি।
৬. এই আক্রমণ ঘটেছে ফিশিং মেইল (প্রতারণামূলক মেইল) থেকে।
৭. এই ম্যালওয়্যার থেকে সুরক্ষায় তথ্য ব্যাকআপ রাখা ও প্যাঁচ হালনাগাদ করতে হবে।

ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা পরামর্শক টম বসার্ট বলেছেন, দুর্বৃত্তরা কম্পিউটার দখল নিয়ে অর্থ দাবি করলেও খুব বেশি সফল হয়নি। এ ছাড়া অর্থ দিয়ে কেউ তথ্য ফেরত পাচ্ছেন—এমন কথা তিনি শুনেননি বলে জানালেন।

কম্পিউটারে বা মোবাইলে ক্ষতিকর প্রোগ্রামের লিংকসহ আসা ই-মেইলকে ম্যালওয়্যার বলা হয়। এই ম্যালওয়্যার ফাইল খুলতে বাধা দিলে এবং অর্থ দাবি করলে সেটা র‍্যানসমওয়্যার নামে পরিচিত। গত শুক্রবার এই র‍্যানসমওয়্যারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা শুরু হয়।

হামলার উদ্দেশ্য কী?
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ হামলার উদ্দেশ্য বিষয়ে পরিষ্কার ধারণা পাচ্ছেন না। শুধু অর্থ আদায়, নাকি অন্য কিছু?
এ ব্যাপারে যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান হ্যাকার হাউসের সহপ্রতিষ্ঠাতা ম্যাথিউ হিকি বলেন, ‘আমার ধারণা, এই র‍্যানসমওয়্যার কতটা ক্ষতি করতে পারে তা দেখাই এ আক্রমণের লক্ষ্য।’
অ্যান্টিভাইরাস নির্মাতা অ্যাভাস্টের দাবি, এখন পর্যন্ত সবচেয়ে আক্রান্ত দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, তাইওয়ান, ইউক্রেন ও ভারত।

দোষ কার?
ক্ষতিকর ম্যালওয়্যারটির নতুন সংস্করণ যাতে ছড়াতে না পারে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এ নিয়ে কাজ শুরু করেছেন। কম্পিউটারের নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সরকারের দায়িত্ব নিয়ে এটি এখন রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
গত রোববার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট করপোরেশনের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেন, গবেষকেরা নিশ্চিত হয়েছেন যে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) তৈরি হ্যাকিং টুল ব্যবহার করে এ আক্রমণ চালানো হয়েছে। গত এপ্রিল মাসে এ টুল অনলাইনে ফাঁস হয়। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দোষ চাপিয়েছেন যুক্তরাষ্ট্রের ওপর। তিনি বলেছেন, এ প্রযুক্তি যেহেতু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এ নিয়ে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা দরকার। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা দৈত্য তৈরি করবে, একসময় সেই দৈত্যই তাদের ঘাড় মটকে দেবে। এতে রাশিয়ার কিছু করার নেই।’

রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও টেলিগ্রাফ অবলম্বনে মো. মিন্টু হোসেন