সাইবার হুমকি প্রতিরোধকেন্দ্র গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার হামলা মোকাবিলায় এ-সংক্রান্ত তথ্য বিনিময়ের জন্য যুক্তরাজ্যের সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যৌথভাবে সাইবার হামলার হুমকি প্রতিরোধবিষয়ক কেন্দ্র গঠন করেছে। এতে কাজ করবেন সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তা, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইফাইভের সদস্যা, পুলিশ ও ব্যবসায়ীরা। তাঁরা যৌথভাবে সাইবার হামলা প্রতিরোধে কাজ করবেন।সাইবার হুমকি প্রতিরোধের এই কেন্দ্রে একটি সুরক্ষিত ওয়েব পোর্টাল থাকবে। এই ওয়েব পোর্টালে তাৎক্ষণিকভাবে সাইবার হামলার হুমকিসংক্রান্ত সব তথ্য সরবরাহ করা হবে। যুক্তরাজ্যের বড় প্রতিষ্ঠানগুলো প্রায়ই সাইবার হামলার শিকার হয়। এতে এ পর্যন্ত কয়েক শ কোটি পাউন্ড ক্ষতি হয়েছে। এমআইফাইভের প্রধান জনাথন ইভানস গত বছর এক অনুষ্ঠানে বলেছিলেন, এসব হামলা বিস্ময়কর। অন্য দেশের হ্যাকাররা এসব হামলা চালাচ্ছেন। লন্ডনের একটি খ্যাতনামা প্রতিষ্ঠান সাইবার হামলার কারণে গত বছর ৮০ লাখ পাউন্ড রাজস্ব হারিয়েছে। একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, দিনে দিনে হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এখনই প্রতিরোধ করা না গেলে তা ভয়াবহ আকার ধারণ করবে। এ জন্য এই সাইবার হামলার হুমকি প্রতিরোধকেন্দ্র গঠন করা হয়েছে। যুক্তরাজ্যের আর্থিক, প্রতিরক্ষা, জ্বালানি, টেলিযোগাযোগ ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানসহ মোট ৮০টি প্রতিষ্ঠান এই কেন্দ্রে সাইবার হামলাসংক্রান্ত তথ্য বিনিময়ের ব্যাপারে রাজি হয়েছে। ১২ থেকে ১৫ জন বিশ্লেষকের একটি দল এতে কাজ করবেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান