সাইবার হুমকিতে বাংলাদেশ নবম স্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার হুমকির দিক দিয়ে বাংলাদেশ নবম স্থানে রয়েছে। আর কম্পিউটারে স্থানীয়ভাবে ভাইরাস সংক্রমণে বাংলাদেশ সারা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। এ ছাড়া ইন্টারনেট মাধ্যমে সাইবার হুমকিতে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে নবম। আর এই তথ্য জানিয়েছে ক্যাসপারস্কি ল্যাব এবং বাংলাদেশ ও ভুটানে তাদের পরিবেশক অফিসএক্সট্রাক্টস। গতকাল রাজধানীর বেসিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন তাঁরা। অনুষ্ঠানে অফিসএক্সট্রাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার জানান, ‘২০১১ সালে ব্যবহারভিত্তিক গবেষণায় পেনড্রাইভ বা বাইরের কোনো যন্ত্রাংশের মাধ্যমে ভাইরাস ও ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ৯৪ দশমিক ৬ শতাংশ হার নিয়ে সুদান ছিল প্রথম স্থানে, যেখানে ৯২ দশমিক ৬ শতাংশ হার নিয়ে বাংলাদেশ ছিল বিশ্বে দ্বিতীয় স্থানে। আর ২০১২ সালের প্রথম তিন মাসের বিশ্লেষণে এরই মধ্যে ১০০ কোটির বেশি ক্ষতিকর উপাদান শনাক্ত হয়েছে। আর এই তিন মাসের পরিসংখ্যানে বাংলাদেশে ৯৬ দশমিক ৭৫ শতাংশ হারে কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার ছড়িয়ে পড়ায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে। এ ছাড়া এই তিন মাসে ইন্টারনেট হুমকিতে অরক্ষিত দেশ হিসেবে বাংলাদেশ রয়েছে বিশ্বে নবম স্থানে।’এ ছাড়া গবেষণা থেকে আরও জানা যায়, ‘৯,৫০৮০৫৪৯টি ওয়েবসাইট ঝুঁকিপূর্ণ প্রোগ্রামিং কোড ছড়িয়েছে, যা গত বছরের শেষ তিন মাসে চেয়ে ৬১ শতাংশ বেশি। অনলাইন থেকে ৫০ শতাংশ কম্পিউটার আক্রমণের চেষ্টা করা হয়েছে।’ আর এসবই ২০১২ সালের প্রথম তিন মাসের গবেষণা তথ্য। গবেষণাটি চালিয়েছে অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব এবং তাদের বাংলাদেশ, ভুটান পরিবেশক অফিসএক্সট্রাক্টস। যেটি পরিচালনা করা হয়েছে বাংলাদেশের প্রায় আট লাখ ক্যাসপারস্কি অ্যান্টি ভাইরাস ব্যবহারকারীর ওপর। অনুষ্ঠানে ক্যাসপারস্কি ল্যাব এশিয়া প্যাসিফিক অঞ্চলের ক্লাউড সার্ভিস পরিচালক বার্নি বেংলার গবেষণাসংক্রান্ত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। বেসিস সভাপতি মাহবুব জামান বলেন, ‘আমাদের সবার উচিত ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কম্পিউটার ব্যবহারকারী বা তার সিস্টেমের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া। আর এ ধরনের তথ্য জানা থাকলে সাধারণ ব্যবহারকারীও আরও সচেতন হয়ে উঠবে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত বক্তব্য দেন ব্যাংকার্স সিটিও ফোরামের সভাপতি তপন সরকার। —ইমাম হাসান