সাউথ ওয়েস্ট এশিয়া ফোরামে স্যামসাংয়ের নতুন পণ্য

ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত স্যামসাং সাউথ ওয়েস্ট এশিয়া ফোরামে টিভি, স্মার্টফোনসহ নতুন প্রযুক্তিপণ্য উন্মোচন ও প্রদর্শন করেছে স্যামসাং ইলেকট্রনিকস।
স্যামসাংয়ের এই আয়োজনে প্রদর্শিত নতুন পণ্যের মধ্যে রয়েছে ৭৮ ইঞ্চি ইউ৯০০০ স্যামসাং ইউএইচডি টিভি, ইউডি৫৯০ মনিটর, এক্সপ্রেস এম২৮৮৫ ও এক্সপ্রেস সি১৮৬০ সিরিজের লেজার প্রিন্টার এনএক্স৩০ ক্যামেরা এবং গ্যালাক্সি নোট প্রো-ট্যাবলেট।
স্যামসাং সাউথ ওয়েস্ট এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বি ডি পার্ক বলেছেন, ‘দক্ষিণ-পশ্চিম এশিয়ার বাজারে আমাদের উন্নয়নের প্রধান কারণ হচ্ছে গ্রাহক ও সহযোগীদের সঙ্গে আমাদের বিশ্বাসের বন্ধন। গ্রাহকদের কাছে অভিনব পণ্য ও প্রযুক্তির পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের এই উন্নয়ন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
স্যামসাংয়ের ৭৮ ইঞ্চি মাপের ইউ৯০০০ স্যামসাং ইউএইচডি টিভিতে ফ্ল্যাট টিভির তুলনায় কনট্রাস্ট রেশিও দ্বিগুণ। এর অটো ডেপথ এনহান্সার ফিচারের সাহায্যে দর্শকেরা থ্রিডি গ্লাস ছাড়াও থ্রিডি আবহ উপভোগ করতে পারবেন।

ফুল এইচডির চার গুণ রেজুলেশনযুক্ত স্যামসাংয়ের ২৮ ইঞ্চি ইউডি৫৯০ ইউএইচডি মনিটরটিকে বলা হচ্ছে ৪কে ইউএইচডি প্রযুক্তির মনিটর। সাধারণ মনিটরের তুলনায় এই মনিটর ৬৪ গুণ বেশি বা এক বিলিয়নের বেশি রং প্রদর্শন করতে পারে।
প্রিন্টিংয়ের কাজে ব্যবহারের জন্য সাউথ ওয়েস্ট এশিয়া ফোরামে স্যামসাং প্রদর্শন করছে মোনো লেসার ও মাল্টি ফাংশনাল প্রিন্টার এক্সপ্রেস এম২৮৮৫ এবং কালার লেসার ও মাল্টি ফাংশনাল প্রিন্টার এক্সপ্রেস সি১৮৬০। মোনো লেজার প্রিন্টারটি মিনিটে ১৮ পৃষ্ঠা এবং কালার লেজার প্রিন্টারটি মিনিটে ১৮ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে।
স্যামসাংয়ের স্মার্ট ক্যামেরার সারিতে নতুন সংযোগ হিসেবে যুক্ত হয়েছে এনএক্স৩০। বদলযোগ্য লেন্স, ডিআরআইএমই ফোর ইমেজ প্রসেসর, ২০.৩ মেগাপিক্সেল এপিএস-সি সিমস সেন্সর এ ক্যামেরাটির মূল ফিচার। অ্যান্ড্রয়েডনির্ভর গ্যালাক্সি ক্যামেরা ২ এই ফোরামে প্রদর্শিত হওয়া নতুন পণ্যগুলোর মধ্যে একটি। পরবর্তী প্রজন্মের এই ক্যামেরাটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল এবং ২১এক্স অপটিক্যাল জুম ও অ্যান্ড্রয়েডের সুবিধাসহ ২৮টি স্মার্ট মোড ফিচার।
ফোরামের বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট প্রো-ট্যাবলেট। ১২.২ ইঞ্চি ডব্লিউকিউএক্সজিএ ডিসেপ্লের এ পণ্যটির ডিসপ্লেতে ৪০ লাখ পিক্সেলে ছবি দেখা যায়।