সাও পাওলো সম্মেলনে নতুন নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের সাও পাওলো শহরে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ইন্টারনেট দুনিয়ার নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক, যা উসকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছর ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ জাতিসংঘের অধিবেশনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে কর্তৃত্ববহির্ভূত উপায়ে তথ্য সংগ্রহে আড়ি পাতার অভিযোগ এনেছিলেন। প্রেসিডেন্ট নিজেও এর শিকার হয়েছিলেন, যা সারা বিশ্বে ব্যাপক বিতর্কের সূচনা করে।
এই পটভূমিতে ব্রাজিল আয়োজন করেছে দুদিনের আন্তর্জাতিক ইন্টারনেট সম্মেলন; যেখানে আমন্ত্রণ করা হয়েছে বিশ্বের প্রায় এক হাজার ইন্টারনেট অ্যাক্টিভিস্টকে, যাঁরা এর নিরাপত্তা, ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও ব্যবহারকারীদের স্বার্থরক্ষায় দুনিয়াজুড়ে সরব।
কাল শুক্রবার সকালে সাও পাওলো শহরে প্রেসিডেন্ট দিলমা রুসেফ এই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনকে সামনে রেখেই ব্রাজিলের সিনেট গত মঙ্গলবার একটি আইন পাস করেছে, যাতে সে দেশের ইন্টারনেট ব্যবহারকারী নাগরিকদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই আইন অনুযায়ী ব্রাজিলের কোনো ব্যবহারকারীর ডেটা বা তথ্য অন্য কোনো দেশের কোম্পানি বা এজেন্সি (ফেসবুক, টুইটারসহ) অপব্যবহার করতে পারবে না বা ভোক্তাস্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো তথ্য পাচার বা সরবরাহ করতে পারবে না।
সাও পাওলো সম্মেলনে ইন্টারনেটের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও জোর বিতর্ক চলছে। জাতিসংঘের উপমহাসচিবের উপস্থিতিতে এই বিতর্কে জাতিসংঘের ভূমিকার ব্যাপক সমালোচনা করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের কাছে একধরনের নতি স্বীকার করে জাতিসংঘ এখনো ইন্টারনেট নিরাপত্তায় কোনো সুপারিশ পালনে সদস্যদেশগুলোর জন্য নির্দেশনা তৈরি করতে পারেনি বলে এর কঠোর সমালোচনা করেন আফ্রিকার প্রতিনিধিরা। অপর দিকে, রাশিয়া ও চীন জাতিসংঘের করণীয় নিয়ে একটি নতুন প্রস্তাব দিয়েছে, যা তাজিকিস্তান ও উজবেকিস্তান সমর্থন করেছে।
উদ্বোধনী বক্তৃতায় দিলমা রুসেফ ইন্টারনেট ব্যবস্থাপনায় সব দেশের, সব মানুষের প্রতিনিধিত্ব দাবি করে একটি দেশের কাছে জিম্মি না থাকতে বিশ্ববাসীকে আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা এমন একটি ভবিষ্যতের দিকে যাচ্ছি, যার পটভূমি আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, তারাই তৈরি করে দিয়েছি। এখানে মানুষের দাবি নিরাপত্তা, তথ্য ব্যবহারের স্বাধীন অধিকার ও দারিদ্র্য মোচন। আমরা কোনো দেশ বা পুঁজি লগ্নীকারীর ইচ্ছার দাস হতে পারি না।’
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বক্তব্য দেন। তিনি ইন্টারনেটের কারিগরি উন্নয়নের পাশাপাশি কল্যাণকর উন্নয়নের আহ্বান জানান,যাতে মানুষের অধিকার ও সমতা নিশ্চিত হয়। সম্মেলনে তথ্যমন্ত্রী চার সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। —রেজা সেলিম, সাও পাওলো (ব্রাজিল) থেকে