
চিকচিক বালুর সৈকত, সৈকতে আছড়ে পড়া ফেনিল ঢেউ—সবকিছুই যেন ছবির মতো। সমুদ্র সব সময়ই অসাধারণ, যে কাউকে মন্ত্রমুগ্ধ করে দেয়।
পড়াশোনা করতে করতে যখন আমরা সবাই ক্লান্ত, তখনই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীরা ঘুরে এলাম সাগরকন্যা কুয়াকাটা থেকে।
গত ৩০ এপ্রিল রাতে সদরঘাট থেকে আমরা লঞ্চে রওনা দিই। আমাদের অনেকের কাছেই ঢাকা-বরিশাল লঞ্চ ভ্রমণটাও এক নতুন অভিজ্ঞতা ছিল। সারি সারি কেবিনের বিশাল তেতলা লঞ্চটা নদীর বুক চিরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। আর মনমাতানো বাতাস সবাইকে পাগল করে দিচ্ছিল।
কখনোবা বন্ধু উপল, কখনোবা সাকিফ একেকটা করে গান ধরেছে, আর আমরা হাততালি দিয়ে, গলা মিলিয়ে সময় কাটিয়ে দিয়েছি।
ভোর হতেই আমরা বরিশাল পৌঁছে যাই। এরপর বাসে করে চারটা ফেরি পার হয়ে পৌঁছি পটুয়াখালীর শেষপ্রান্ত কুয়াকাটায়। যখন আমরা কুয়াকাটার পর্যটন মোটেলে হাজির হলাম, তখন বেলা গড়িয়ে দুপুর। দুপুরের খাওয়াটা সেরে সবাই মিলে রওনা হয়ে গেলাম কুয়াকাটার সৈকতে। ভরদুপুরের তপ্ত বালু, ফেনা তোলা রাশি রাশি ঢেউ সমুদ্রে আছড়ে পড়া—এমন একটা জায়গায় থাকতে কার না ভালো লাগে! কুয়াকাটা সৈকতটা এত সুন্দর, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সৈকতজুড়ে ছোট ছোট কাঁকড়ার দেখা মেলে। পেছনে ঝাউবনের উঁচু উঁচু মাথা যেন সৈকতকে আরও সুন্দর করে তুলেছে।
ঠিক সন্ধ্যার আগে যখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সূর্যাস্ত দেখার, আমাদের হতাশ করে বিশাল বিশাল কালো মেঘ পুরো আকাশটা ছেয়ে ফেলল। সূর্য ডোবাটা দেখা হয়নি ঠিক, তবে মেঘলা আকাশে একটু ফুঁসে ওঠা সমুদ্রকে দেখতেও অসাধারণ লাগছিল। এরপর তানিয়া, অর্পি ও সেতু পাশের দোকানগুলোতে গিয়ে কেনাকাটা শুরু করে দিল। কুয়াকাটা শুঁটকির জন্য বিখ্যাত। এখান থেকে একবারে অনেক রকম শুঁটকি কিনে নেওয়া যায় সাশ্রয়ে।
রাতে মাত্র দুই-তিন ঘণ্টার ঘুম দিয়ে ভোর হওয়ার আগেই আমরা আবার বেরিয়ে পড়ি সূর্যোদয় দেখার জন্য। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সৈকত, যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত একসঙ্গে দেখা যায়।
বিশাল এই জায়গা পুরোটা ঘুরে দেখার জন্য এখানে আছে একমাত্র মোটরসাইকেল। মোটরসাইকেলে করেই ঘোরা হলো বাকিটুকু। কাঁকড়া দ্বীপ নামে জায়গাটায় গিয়ে লাল লাল বেশ বড় কাঁকড়াদের দেখা মিলল।
একে একে আমরা গঙ্গারচর, ছোট একচিলতে একটা নদী, রাখাইনদের মিস্ত্রিপাড়া—সব দেখতে থাকলাম। এই মিস্ত্রিপাড়ায় আছে ৩৫ ফুট উঁচু বিশাল বুদ্ধমূর্তি। ওখানেই দেখলাম কী সুন্দর করে রাখাইন ছেলেমেয়েরা তাঁত বোনে। যখন হোটেলে ফিরছি, তখন দেখা মিলল কুয়াকাটার বিখ্যাত কুয়ার। এর পাশেই আছে রাখাইনদের বিশাল মার্কেট।
এরপর ট্রলারে করে আমাদের ফাতরার চরের উদ্দেশে যাত্রা। অনেকে জানান, ফাতরার চর আসলে সুন্দরবনের বিচ্ছিন্ন অংশ। সত্যিই তাই! ট্রলারে বসে ফাতরার বনে দেখা পেলাম কেওড়া, গেওয়া, সুন্দরী, গরান, বাইন, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ প্রজাতির গাছ।
পুরো সময় কুয়াকাটার নয়নাভিরাম সৌন্দর্য আমাদের মোহিত করে রেখেছিল। সন্ধ্যায় যখন আবারও ঢাকাগামী সুন্দরবন-৮ লঞ্চে রওনা দিলাম, আমাদের মন পড়েছিল সেই বিশাল সমুদ্রের তীরে, কুয়াকাটার কাছে।