সাগরে সমাহিত হচ্ছেন নিল আর্মস্ট্রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দ্রবিজয়ী নিল আর্মস্ট্রং সাগর ভালোবাসতেন। ৮২ বছর বয়সে ২০১২ সালের ২৫ আগস্ট তিনি মারা গেছেন। চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষটির ইচ্ছা ছিল, সাগরে সমাহিত করা হবে তাঁর মরদেহ। সে ইচ্ছা অনুযায়ী সাগরেই সমাহিত করা হবে তাঁর মরদেহ। আর্মস্ট্রংয়ের পারিবারিক মুখপাত্র রিক মিলার এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সূত্রে জানা গেছে, তাঁরা চন্দ্রবিজয়ী নিল আর্মস্ট্রংকে শেষ বিদায় দেওয়ার দায়িত্ব নিচ্ছেন। তবে সাগরের কোথায় তাঁকে সমাহিত করা হবে, এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে না। নিল আর্মস্ট্রংয়ের পরিবার থেকে বিষয়টি গোপন রাখতে বলা হয়েছে। আর্মস্ট্রংয়ের দেহভস্ম, নাকি পুরো দেহ সাগরে সমাহিত করা হবে, নৌবাহিনী এ ব্যাপারেও মুখ খোলেনি। নিল আর্মস্ট্রংয়ের সহকর্মী ও বন্ধু জিম লোভেল এ প্রসঙ্গে জানান, ‘সমুদ্র ভালোবাসতেন নিল আর্মস্ট্রং। তিনি নৌবাহিনীতে ছিলেন।’সমাহিত করার আগে ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাবে। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানটি নাসা টেলিভিশন ও নাসার ওয়েবসাইটে সরাসারি সম্প্রচারিত হবে। এর আগে ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইওর সিনসিনাটিতে তাঁর বাড়িতে একান্ত পারিবারিকভাবে আর্মস্ট্রংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আর্মস্ট্রংয়ের পরিবারের বরাতে জানা যায়, হূিপণ্ডের চারটি ধমনিতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে ৭ আগস্ট তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পর সৃষ্ট জটিলতায় ২৫ আগস্ট আর্মস্ট্রংয়ের মৃত্যু হয়।নিল আর্মস্ট্রংয়ের নেতৃত্বে ১৯৬৯ সালের ২০ জুলাই মর্ত্যের মানুষ প্রথমবারের মতো চাঁদের মাটি স্পর্শ করে। তিনি ছিলেন অ্যাপোলো-১১ নভোযানের কমান্ডার। সেদিন বিশ্বের ৫০ কোটিরও বেশি মানুষ টেলিভিশনে দেখেছিল সেই দৃশ্য।চাঁদের মাটি স্পর্শ করে আর্মস্ট্রং বলেছিলেন, ‘এটা মানুষের জন্য ছোট্ট পদক্ষেপ, তবে মানবজাতির জন্য বড় অগ্রগতি।’ চাঁদের সৌন্দর্যে মুগ্ধ আর্মস্ট্রং বলেছিলেন, ‘সেই দৃশ্যগুলো এক কথায় অসাধারণ। কোনো দৃশ্যপটেই তা প্রকাশ করা যাবে না।’আর্মস্ট্রং ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের ওহাইতে জন্মগ্রহণ করেন। মাত্র ছয় বছর বয়সে বাবার সঙ্গে বিমানে চড়েন তিনি। সেই থেকে ওড়ার নেশা তাঁকে পেয়ে বসে। গত শতকের পঞ্চাশের দশকে কোরিয়া যুদ্ধের সময় তিনি নৌবাহিনীর জঙ্গি বিমান চালাতেন। তিনি ১৯৬২ সালে মার্কিন মহাকাশ কর্মসূচিতে যোগ দেন। অ্যাপোলো-১১ ছিল আর্মস্ট্রংয়ের শেষ মহাকাশ অভিযান। ১৯৭১ সালে তিনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) ছেড়ে যান। পরবর্তী সময় তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। ভবিষ্যতের নভোচারীদের তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং (বিমান ও নভোযান প্রকৌশল) বিষয়ে পড়াতেন। গত বছরের নভেম্বরে তাঁকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেশনাল গোল্ড মেডেলে ভূষিত করা হয়।নিলের সহকর্মীরা জানান, একজন নভোচারী হিসেবে আর্মস্ট্রং সব সময়ই নিভৃতে থাকতে পছন্দ করতেন। নিভৃত এ নভোচারী ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই আশাবাদী এক মানুষ। তিনি মহাকাশ অভিযানের বিষয়ে সব সময়ই উত্সাহ দিয়েছেন এবং মহাকাশ মিশন সমর্থন করে গেছেন।নিল আর্মস্ট্রং ২৬ বছর বয়সে বিয়ে করেছিলেন গার্হস্থ্য অর্থনীতি বিভাগের ছাত্রী জেনেট এলিজাবেথ শ্যারনকে। বিয়ের পর নবদম্পতি ক্যালিফোর্নিয়ায় বসবাস করতে শুরু করেন। আর্মস্ট্রং-জেনেটের সংসারে এসেছিল দুই ছেলে এরিক, মার্ক ও এক মেয়ে ক্যারেন। ১৯৬২ সালে মস্তিষ্কের টিউমারজনিত অসুস্থতায় ক্যারেনের মৃত্যু ঘটলে খুব কষ্ট পেয়েছিলেন নিল। আর্মস্ট্রং-শ্যারনের সংসার অনেক দিনই টিকেছিল, কিন্তু শেষরক্ষা হয়নি। ১৯৯৪ সালে এসে তাঁরা আলাদা হয়ে যান। পরবর্তী সময়ে ১৯৯৯ সালের দিকে ক্যারোল নাইট নামের এক বিধবাকে বিয়ে করেন আর্মস্ট্রং। শেষ পর্যন্ত ক্যারোল নাইটের সঙ্গেই ছিলেন তিনি।