চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী পারুল দেওয়ান অনেকক্ষণ হাত নেড়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছিল। কিন্তু আকারে ক্ষুদ্র হওয়ায় মঞ্চ থেকে যেন সাড়াই পাচ্ছিল না। অনেক চেষ্টার পরও হাতে মাইক্রোফোন পাওয়া গেল না। তখন মঞ্চে চলে আসে সরাসরি পারুল। এসে জানায় তার কৌতূহলী সব প্রশ্ন। ‘শূন্য হিত্তে গুল? মানজোত্তুন হিত্তে ফেতপুড়ে? আমি হিত্তেই রেদোত সোগন্দি ন দেগি?’ প্রশ্ন করেই অপেক্ষা উত্তরের। কিন্তু উত্তরদাতারা পড়েন ভীষণ বিপদে। তাঁদের তো আর চাকমা ভাষা জানা নেই। এখন কী হবে! তখন তার বন্ধু ইপসিতা রেজোয়ানা বাংলায় চিরকুটে লিখে দেয় প্রশ্নগুলো-শূন্য কেন গোল? মানুষের খুদে পায় কেন? আমরা রাতে চোখে দেখি না কেন? বাংলায় প্রশ্ন পেয়ে উত্তরদাতারাও যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। ভাগ্যিস, গণিত, বিজ্ঞানের ভাষা সবাই বোঝে, না হলে কত যে ভাষা শিখতে হতো। এমনি মজার অভিজ্ঞতার দেখা মিলেছিল ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আয়োজিত ১১তম গণিত উৎসবের রাঙামাটি আঞ্চলিক উৎসবে। ১৮ জানুয়ারি ঢাকা-১, ২১ জানুয়ারি চট্টগ্রাম, ২২ জানুয়ারি সিলেট, ২৫ জানুয়ারি ঢাকা-২, ২৭ জানুয়ারি রাজশাহী ও ২৮ জানুয়ারি রাঙামাটিতে অনুষ্ঠিত হয় আঞ্চলিক গণিত উৎসব।উদ্বোধনের আলোয়, উচ্ছ্বাসে-উদ্দীপনায়সকালের সূর্য তেজ বাড়ানোর আগেই শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। পতাকা মঞ্চে জাতীয় সংগীত গাওয়ার সঙ্গে সঙ্গে উত্তোলিত হয় বাংলাদেশের জাতীয় পতাকা। সঙ্গে সঙ্গে উত্তোলন করা হয় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা। বেলুন উড়িয়ে, হল্লা-চিৎকারে, হাততালির শব্দে উন্মুক্ত হয় গণিত উৎসবের আলোকিত পর্দা। উদ্বোধন শেষে শৃঙ্খলাবদ্ধ লাইনে সবাই প্রবেশ করে পরীক্ষার রুমে। শুরু হয় এক ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা।কঠিন প্রশ্নে, উপহারের আনন্দেপরীক্ষা শেষ করেই মাঠে দৌড় দিল ঢাকার অরণী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর মহিমা স্বাগতা। লক্ষ্য একটাই—কঠিন প্রশ্ন করে উত্তরদাতাদের আসন টলিয়ে দেওয়া। সবার প্রথমে হাত তুলে তার কঠিন প্রশ্ন, ‘ক্যামেরার আবিষ্কারকের নাম কী?’ এমনই কঠিন আর অজানা প্রশ্নে মঞ্চের অতিথিদের আটকে দেয় খুদে গণিতবিদেরা। কঠিন কঠিন সব সৃজনশীল প্রশ্নের জন্য জয় করে নেয় বই পুরস্কার। প্রশ্নোত্তর পর্বের আগে প্রতিটি অঞ্চলে চলে সাংস্কৃতিক পরিবেশনা—গান, নাচ, কবিতা আবৃত্তি। কী করতে পারে না এই শিক্ষার্থীরা! কি গান, কি কাব্যে মাতিয়ে তোলে গণিত উৎসবের বিশাল মঞ্চ। গানের সঙ্গে গলা মিলিয়ে চিৎকার করে সবাই আগামীর প্রত্যয় নেয়। মিথ্যা, মাদক আর মুখস্থকে ‘না’ বলার অঙ্গীকার করে তারা। আর সেই সঙ্গে ছিল এলোমেলো রুবিক্স কিউব মেলানোর প্রতিযোগিতা।লক্ষ্য যখন বিজয়েঈশা রুহুলুল্লা মায়ের সঙ্গে আসে গণিত উৎসবে। ফলাফল ঘোষণার সময় কেমন জানি একটু ভয়ে ভয়ে ছিল। জাতীয় উৎসবে যাওয়ার টিকিট কি পাওয়া যাবে? তবে প্রশ্নকর্তারা আটকাতে পারেনি ঈশার জাতীয় উৎসবের ইয়েস কার্ড। মায়ের মুখে হাসি নিয়ে প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরে যায় ঈশা। স্কলাস্টিকা স্কুলের নাফিসা আশরাফ চৌধুরী ফলাফল ঘোষণার সময় তার নাম ঘোষণা করা হবে সেটা ভাবেনি। কিন্তু সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হিসেবে তার নাম শুনে প্রথমে আতকে ওঠে। এই নামে আর কেউ আছে নাকি? না, নেই। এর পরে এদিক-সেদিকে তাকিয়ে মঞ্চের দিকে দেয় দৌড়। ‘ইয়েস’ বলে হাতে তুলে নেয় জাতীয় উৎসবের নীল চিঠি।