চলছে মাধ্যমিক শ্রেণীর সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। ছেলে সহিদ হাসান বাবা জাকির হাসানকে বুঝিয়ে-শুনিয়ে অনেকটা বাধ্য করে সঙ্গে নিয়ে এসেছে জাতীয় গণিত উত্সবে। এসএসসি পরীক্ষার মধ্যেও শুক্রবার শুধু অলিম্পিয়াডে অংশ নিতে হাজির হয়েছে সহিদ। তৃতীয় গণিত উত্সবে প্রথমবারের মতো এসেছিল নিশাত তাবাসসুম। এরপর আর কখনোই জাতীয় উত্সবে আসা হয়নি বলে মন অনেক খারাপ ছিল নিশাতের। কিন্তু এবার জাতীয় উত্সবে আসার সংকল্প নিয়ে রেখেছিল অনেক আগে থেকেই। সেই হিসেবে প্রস্তুতি নিয়ে অবশেষে নিশাত দেখা পায় জাতীয় উত্সবে আসার টিকিট। তাই মা, বোন ও ভাইকে নিয়ে উত্সব ভেন্যুতে হাজির হয় ভিকারুননিসা নূন স্কুলের দশম শ্রেণীর এই শিক্ষার্থী। সহিদ ও নিশাতের মতো সহস্র শিক্ষার্থী গণিত শিখতে গণিতকে জয় করতে হাজির হয়েছিল ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব-২০১২ এ। রাজধানী ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ১০ ও ১১ ফেব্রুয়ারি বসেছিল এ আয়োজন। তিন মাস ধরে চলা ১৭টি আঞ্চলিক গণিত উত্সবে ২২ হাজার শিক্ষার্থীর মধ্যে মেধার লড়াইয়ে বিজয়ী হয়ে এক হাজার ৯৫ জন অর্জন করে জাতীয় উত্সবে অংশগ্রহণের সুযোগ। এদের মধ্যে ৮০৫ জন খুদে গণিতবিদ হাজির হয় গণিতের এই মহাযজ্ঞে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলাসহ ৬১টি জেলার ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল এই উত্সবে। বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, খুদে গণিতবিদদের বন্ধুবান্ধব, উত্সবের স্বেচ্ছাসেবক, বন্ধুসভার বন্ধু, দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী, গবেষক, লেখক, সাংবাদিক এবং সর্বোপরি উত্সবের শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়েছিলেন দেশের সবচেয়ে বড় গণিত মেলায়। ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় গণিতের এই মহাযজ্ঞের উদ্যোক্তা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।নানা রঙে সেজেছে উত্সবশীত আর কুয়াশার একটু উত্পাত থাকলেও সকালের সূর্য ওঠার একটু পরেই শিক্ষার্থীদের মাঠে প্রবেশ ছিল লক্ষণীয়। আঞ্চলিক উত্সবের হলুদ টি-শার্ট পরে শিক্ষার্থীরা শুভ সকাল জানান দেয় সবাইকে। শুরুতেই শিক্ষার্থীরা নিজ অঞ্চলের স্টলে নাম নিবন্ধন করে সংগ্রহ করে নেয় উত্সবের পরিচয়পত্র ও প্রাতরাশ। উত্সবের ভেন্যু সাজানো হয়েছিল নানা রঙে নানাভাবে। প্রবেশপথেই দাঁড়িয়ে ছিল রংবেরঙের বৃক্ষরাজি, পাখি, ফুল আর গণিতের নানা চিহ্ন। ভেন্যুতে শিক্ষার্থীদের নজরে ছিল মজার সব শিরোনামের ফেস্টুন ও ব্যানার। ‘স্মিথ সংখ্যা’, ‘লগিস্টিক ফাংশন’, ‘ফার্মার উপপাদ্য’, ‘রাসেলের ভ্রান্তি’ শীর্ষক ফেস্টুনসহ ‘গণিত উত্সবের ১১ বছর’, ‘যারা গণিতবিদ নন’, ‘গণিতের ১০ নায়ক’ শিরোনামের ব্যানারের সামনে শিক্ষার্থীদের ভিড় করতে দেখা যায়। ‘আঞ্চলিক উত্সবের বিজয়ী’দের ব্যানারে খুদে গণিতবিদেরা নিজেদের খুঁজে বের করার চেষ্টা করেছে সব সময়। সঙ্গে ছবি তোলা তো ছিলই।আনন্দ-উত্সাহে উদ্বোধনীগণিত মানেই শৃঙ্খলা। আর তাই মাইকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য লাইনে দাঁড়ানোর ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই গণিতবিদেরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পড়ে। জাতীয় পতাকা তুলে ও জাতীয় সংগীত গেয়ে সারা দেশের শিক্ষার্থীদের প্রাণের উত্সবের উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা তুলে উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার হ্যারোল্ড বিজয় রড্রিকস। উত্সবে খুদে গণিতবিদদের উত্সাহ জোগাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, বিশিষ্ট বিজ্ঞানী রেজাউর রহমান, জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী, জ্যোতির্বিজ্ঞানী এ আর খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, হুমায়ুন কবীর, আবদুল হাকিম খান, ফারসীম মান্নান মোহাম্মদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আলমগীর হোসেন, বিশিষ্ট মনোরোগ চিকিত্সক মোহিত কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তড়িত্ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক আরশাদ চৌধুরী ও নোভা আহমেদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, উপসম্পাদক আনিসুল হক, প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি, সার্কুলেশন ব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, ব্র্যান্ড ব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, তামিম শাহরিয়ার, হাম্মাদ আলী ও সৌমিত্র চক্রবর্তী।উত্সাহ-উত্তেজনার গণিত অলিম্পিয়াড সকাল ১০টা বাজতেই উত্সব ভেন্যু হঠাত্ নিশ্চুপ হয়ে যায়। খুদে গণিতবিদেরা কিচিরমিচির বাদ দিয়ে বসে পড়ে অলিম্পিয়াডের পরীক্ষা দিতে। শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল প্রশ্ন নিয়ে কৌতূহল। প্রশ্ন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সবাই মেতে ওঠে গণিত জয়ে। অলিম্পিয়াডের একাডেমিক দলের প্রশ্ন কঠিন করার হুমকিকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে খুদে গণিতবিদেরা। কলমের খোঁচায় একাডেমিক দলের ঘাম ঝরিয়ে কঠিন সব প্রশ্নের সমাধানে এগিয়ে যায় তারা। বিভিন্ন ক্যাটাগরিতে দুই, তিন ও চার ঘণ্টার গণিত জয়ের এই সংগ্রামের সময় সবার মাঝে দেখা গেল নিস্তব্ধ প্রচেষ্টা। গণিতের উত্সব, গাণিতিক আনন্দঅলিম্পিয়াড শেষ করেই শিক্ষার্থীরা হাজির হয় সবুজ এক বনাঞ্চলের ভেতর। চারদিকে শুধু সবুজ গাছপালা আর লাল-বেগুনি লতাপাতা। মাঝখানে এখানে-সেখানে উড়ছে লাল-নীল পাই, ল্যামডা, সিগমা আর ওমেগা। কিছু যোগ-বিয়োগ, গুণ, ভাগ চিহ্নও দেখা গেল পাখির ডানায় এদিক-সেদিক উড়তে। না, এটা গহিন সেই বিস্ময়কর সুন্দরবনের দৃশ্য নয়। মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর খুদে গণিতবিদেরা হাজির হয় এমনই এক বিশাল সবুজ বনের সামনে। জাতীয় উত্সবের প্রথম দিনটা যেন ছিল খুদে গণিতবিদদের ‘যেমন খুশি, তেমন আনন্দ করো’ প্রকৃতির। উত্সবের মঞ্চ দখল করে নেয় শিক্ষার্থীরা। গান, নাচ, আবৃত্তি পরিবেশনে সবাইকে জানিয়ে দেয় গণিতের পাশাপাশি সবাই সুকুমার কলার চর্চাতেও পারদর্শী। তবে এই পর্ব শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের দেওয়া হয় জল-রকেট উেক্ষপণের সুযোগ। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহযোগিতায় আয়োজন করা জল-রকেট উেক্ষপণে বিপুল আনন্দ পায় সবাই। শিক্ষার্থীদের উত্সাহ দেখে ভবিষ্যতে কেবল জল-রকেট উেক্ষপণের প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দিয়েছেন সোসাইটির কর্মকর্তারা।বিকেলে শিক্ষার্থীদের অবাক করার জন্য উত্সবে হাজির হন দেশবরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ুরা। জাতীয় উত্সবের দুদিন ভীষণ ব্যস্ততায় কেটেছে শিক্ষার্থীদের। আগত অতিথিদের অটোগ্রাফ সংগ্রহ আর ছবি তোলার জন্য সবাই ছিল ব্যস্ত। অটোগ্রাফের জন্য শিক্ষার্থীদের নিজেদের প্রবেশপত্র, প্রশ্ন, বই, এমনকি টি-শার্ট পর্যন্ত ব্যবহার করতে দেখা গেছে। উত্সবে বইমেলা!নোয়াখালী জিলা স্কুলের ছাত্র তাহসিন মাহমুদ গণিত উত্সবে এবারই প্রথমবারের মতো এসেছে। গণিত উত্সবে এসেই দেখে, মাঠের পাশে জমে উঠেছে আরেক মেলা—গণিত আর বিজ্ঞানের বইয়ের মেলা। উত্সবে মুহম্মদ জাফর ইকবাল রচিত মুক্তিযুদ্ধের ইতিহাস নামের বই প্রদর্শনীর আলাদা স্টল ছিল।ভাষার মাসে বিজয়ের গানউত্সবের দ্বিতীয় দিনের সকাল শুরু হয় ভাষা ও মুক্তিযুদ্ধের গান দিয়ে। খুলনার সামাজিক সংগঠন ‘রূপান্তর’ পরিবেশন করে গণিত অলিম্পিয়াডের লক্ষ্য, অর্জন ও ইতিহাসের কথা তুলে ধরার পটগান। আর এর পরই শুরু হয় বিজয়ীদের পুরস্কার দেওয়ার পালা। ভেন্যু পুরস্কার থেকে নতুন তিনটি পুরস্কার হয়ে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার সময় করতালিতে মুখর হয়ে ওঠে উত্সব প্রাঙ্গণ। ফলাফল দেওয়ার সময় দেখা যায় সেকেন্ডারি ছাড়া বাকি সব ক্যাটাগরিতে বিগত পাঁচ বছরের সর্বোচ্চ নম্বর ছাপিয়ে গেছে এবারের বিজয়ীরা। পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় এবারের প্রাণের উত্সব।