সাত ইঞ্চির ট্যাবলেট আনছে মাইক্রোসফট
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন এবার বাজারে নিয়ে আসছে সাত ইঞ্চি মাপের নতুন ট্যাবলেট কম্পিউটার। নাম সারফেস। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা বিশেষ এ ট্যাবলেটটি চলতি বছরেই বাজারে আসবে বলে জানা গেছে। মাইক্রোসফটের পক্ষ থেকে সম্প্রতি এ তথ্য জানা গেছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ সময়ে অ্যাপলের আইপ্যাড মিনি, সার্চ ইঞ্জিন গুগলের নেক্সাস ৭ ট্যাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই মাইক্রোসফটের এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ছোট আকারের এ ট্যাবলেটের মাধ্যমে ট্যাবলেট কম্পিউটারে বাজারে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মাইক্রোসফট। গত বছরের শেষ তিন মাসে যে নতুন ট্যাবলেটগুলো বাজারে এসেছে, এর বেশির ভাগই ছিল ৮ ইঞ্চি মাপের। তবে এই আকার আরও ছোট হচ্ছে। বাজার গবেষকদের ধারণা, আগামী বছরে ট্যাবের মাপ আরও ছোট হয়ে আসবে। আর সে ছোট মাপের বাজারে আগে থেকেই জায়গা করে নিতে মাইক্রোসফট সাত ইঞ্চি মাপের নতুন ট্যাব বাজারে আনার উদ্যোগ নিয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে ১০ ইঞ্চি মাপের উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেট বাজারে এনেছিল মাইক্রোসফট। এ ছাড়া চলতি বছরেও উইন্ডোজ প্রো চালিত সারফেস ট্যাবলেট বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে, চলতি সময়ে ট্যাব, স্মার্টফোনের বাজারে প্রতিনিয়তই আসছে নানা ধরনের নতুন উদ্ভাবন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিযোগিতা। তাই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়তই নতুন নতুন বিশেষ বৈশিষ্ট্যের কিছু দিয়ে শীর্ষে থাকতে চাইছে। —রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম