
টাকাপয়সা নিয়ে অধিকাংশ শিশুর নিজস্ব ভাবনা গড়ে ওঠে সাত বছর বয়সের মধ্যেই। ব্যাপারটি তাদের আচরণে যে প্রভাব ফেলে, তা অবমূল্যায়নের উপায় নেই।যুক্তরাজ্যের শিশুদের অর্থচিন্তা নিয়ে পরিচালিত এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা বলছেন, টাকার উৎস ও ক্ষমতা সম্পর্কে শৈশবের উপলব্ধিই একজন মানুষের পরবর্তী জীবনে বিভিন্ন আর্থিক সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তার করে। তাই সন্তানের অর্থচিন্তার বিষয়টি মা-বাবাকে গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।কেমব্রিজের ওই গবেষণায় শিশুদের ওপর মা-বাবার প্রভাব এবং শৈশবকালীন সচেতন ও অবচেতন উপলব্ধির গুরুত্ব তুলে ধরে। অভিভাবকেরা যদি শিশুদের বিশ্বমানের অর্থভাবনা অর্জনে সাহায্য করতে পারেন, তাহলে পরবর্তী জীবনে এর সুফল পাওয়া যাবে। প্রাথমিক পাঠক্রমেও ব্যক্তিগত অর্থ-সম্পদের বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে।সাত বছর বয়সী অধিকাংশ শিশু টাকা গুনতে পারে এবং এটি উপার্জনের গুরুত্ব বোঝে। তারা জানে, কী কী জিনিসপত্রের বিনিময়ে এটির লেনদেন হয়। ফলে টাকা খরচের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সময় নিতে পছন্দ করে। তবে অনূর্ধ্ব আট বছর বয়সী শিশুরা টাকার বিনিময়ে প্রাপ্ত ‘বিলাসিতা’ এবং ‘প্রয়োজনীয়তার’ মধ্যে পার্থক্য বুঝতে পারে না।সংশ্লিষ্ট গবেষক ডেভিড হোয়াইটব্রেড বলেন, মা-বাবা, শিক্ষক ও অন্যদের কাছ থেকে শৈশবে অর্জিত ধারণাগুলো মানুষের ভাবনা ও আবেগ নিয়ন্ত্রণে সারা জীবনই ঘুরেফিরে প্রভাব বিস্তার করে। অর্থচিন্তার বিষয়টি এসবের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলিগ্রাফ।